২২ আগস্ট, ১৮৮১ তারিখে ইয়র্কশায়ারের মিডলসবোরা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও ফুটবলার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হয়েছেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিং কর্মে পারদর্শী ছিলেন। ১৯২০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
১৯০৬ থেকে ১৯৩০ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ৪৩ শতক সহযোগে ৩৬.১৫ গড়ে ২৫৭৪৫ রান তুলেন। ১৯২৩ সালে ওরচেস্টারে ওরচেস্টারশায়ারের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২০৩ রানের ইনিংস খেলেছিলেন। একই গ্রীষ্মে লিভারপুলে অনুষ্ঠিত খেলায় নর্দাম্পটনশায়ারের বিপক্ষে অপরাজিত ২০০ রান তুলেন।
কভার-পয়েন্ট অঞ্চলে দূর্দান্ত ফিল্ডিং করতেন। ব্যাটসম্যান হিসেবে বেশ শক্ত রক্ষণব্যূহ গড়ে তুলতেন। বলকে সঠিক জায়গায় ফেলতেন ও স্ট্রোকে পর্যাপ্ত শক্তি প্রয়োগ করতেন। ল্যাঙ্কাশায়ারের পক্ষে চারবার শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে অপরাজিত অবস্থায় মাঠ ত্যাগ করেছেন। কাউন্টির পক্ষে পাঁচবার দুই শতাধিক রানের জুটিতে অংশ নিয়েছিলেন। তন্মধ্যে, ১৯২২ সালে ওরচেস্টারে ওরচেস্টারশায়ারের বিপক্ষে প্রথম উইকেটে ২৭০ রানের জুটি গড়েছিলেন। ১৯১২ সালে ট্রেন্ট ব্রিজে নটিংহ্যামশায়ারের বিপক্ষে খেলায় এ. এইচ. হর্নবি’র সাথে ব্যাটিং উদ্বোধনে নেমে উভয় ইনিংসে ১৪১ ও ১৯৬ রান তুলেছিলেন।
১৯২০ থেকে ১৯২১ সময়কালে সব মিলিয়ে ইংল্যান্ডের পক্ষে মাত্র চারটি টেস্টে অংশ নিয়েছিলেন। সবগুলো টেস্টই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন। ১৯২০-২১ মৌসুমে জে. ডব্লিউ. এইচ. টি. ডগলাসের নেতৃত্বাধীন এমসিসি দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। ৩১ ডিসেম্বর, ১৯২০ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ড দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। হ্যারি হাওয়েলের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি উভয় ব্যাটিংয়ে নেমে ৪ রান করে সংগ্রহ করে উভয় ক্ষেত্রে ওয়ারউইক আর্মস্ট্রংয়ের বলে বিদেয় নিয়েছিলেন। ইনিংস ও ৯১ রানে জয় পেলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
একই সফরের ১১ ফেব্রুয়ারি, ১৯২১ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করেছিলেন। খেলায় তিনি ১১৭ ও ৫৪ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রেই আর্থার মেইলি’র শিকারে পরিণত হয়েছিলেন। ঐ খেলায় স্বাগতিক দল ২ উইকেট হারিয়ে জয়ের নোঙ্গরে পৌঁছে ও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে যায়।
এরপর, ২৫ ফেব্রুয়ারি, ১৯২১ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ৩ ও ৭ রান তুলেছিলেন। সফরকারীরা ৯ উইকেটে পরাজিত হলে ৫-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশ ছিল।
১৯২২ সালে আর্থিক সুবিধা গ্রহণের খেলার জন্যে মনোনীত হন ও £২,১১০ পাউন্ড-স্টার্লিং লাভ করেন। প্রথিতযশা খেলোয়াড় হিসেবে উচ্চ স্তরের ক্রিকেট খেলা চালিয়ে যেতে থাকেন। দশ মৌসুমে সহস্র রানের মাইলফলক স্পর্শ করেন। তন্মধ্যে, ১৯২৬ সালে ২৩৪০ রান তুলে নিজের স্বর্ণালী মৌসুম অতিবাহিত করেন। এরফলে, পূর্বতন ১৯২৩ সালের চেয়ে ৩০ রান অধিক সংগ্রহ গড়ে তুলেছিলেন। ৪৫ বছর বয়সে এসেও ৪৮.৭৫ গড়ে রান পেয়েছিলেন। ১৯২৯ সালে ‘কাউন্টির সর্বাপেক্ষা রান সংগ্রহকারী হিসেবে দারুণ ভূমিকা রাখার’ কথা উল্লেখ করা হয়।
ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলায় দক্ষ ছিলেন। মাত্র বারোজন খেলোয়াড়ের অন্যতম হিসেবে ক্রিকেট ও ফুটবল – উভয় ধরনের ক্রীড়ায় ইংল্যান্ডের পক্ষে খেলেছেন। এভার্টন ও ল্যাঙ্কাশায়ার দলের সাথে অনেকগুলো বছর সতীর্থ জ্যাক শার্পের একত্রে সংযুক্ত ছিলেন।
১৯ ডিসেম্বর, ১৯৫২ তারিখে চেশায়ারের স্পাইটাল এলাকায় নিজ গৃহে ৭১ বছর ১১৯ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
