২০ সেপ্টেম্বর, ১৯৯৬ তারিখে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
২০২০-২১ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে কুইন্সল্যান্ড ও ইংরেজ কাউন্টি ক্রিকেটে ডারহামের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ব্রিসবেন হিটের পক্ষে খেলেছেন। ১৭ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে হোবার্টে অনুষ্ঠিত তাসমানিয়া বনাম কুইন্সল্যান্ডের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
২০২২ সাল থেকে অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট ও ওডিআইয়ে অংশ নিচ্ছেন। ২০২২ সালে দলের সাথে শ্রীলঙ্কা গমন করেন। ১৬ জুন, ২০২২ তারিখে পাল্লেকেলেতে অনুষ্ঠিত স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন।
২০২২-২৩ মৌসুমে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অজি দলের সাথে ভারত সফরে যান। ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে দিল্লিতে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৬ ও ০ রান তুলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/৭২ ও ০/৩৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। রবীন্দ্র জাদেজা’র অসাধারণ অল-রাউন্ডশৈলীতে সফরকারীরা ৬ উইকেটে পরাভূত হলে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
এরপর, ১ মার্চ, ২০২৩ তারিখে ইন্দোরে অনুষ্ঠিত নিজস্ব তৃতীয় টেস্টে প্রথমবারের মতো পাঁচ-উইকেটের সন্ধান পান। প্রথম ইনিংসে ৫/১৬ লাভ করে দলকে নয় উইকেটে জয়লাভে ভূমিকা রাখেন।
২০২৪-২৫ মৌসুমে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে শ্রীলঙ্কা সফরে যান। ২৯ জানুয়ারি, ২০২৫ তারিখে গলেতে অনুষ্ঠিত স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। প্রথম ইনিংসে ব্যক্তিগতভাবে দ্বিতীয় ও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো পাঁচ-উইকেট লাভ করেন। খেলায় তিনি ৫/৬৩ ও ৪/৮৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এ পর্যায়ে ২৪.৬০ গড়ে ২০ উইকেট পান। তবে, দলের একমাত্র ইনিংসে ব্যাটিং করার সুযোগ পাননি। উসমান খাজা’র অসাধারণ দ্বি-শতরানের কল্যাণে সফরকারীরা ইনিংস ও ২৪২ রানে জয় পেলে সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে গলেতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৩/৬৩ ও ৪/৬৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ৬ রান সংগ্রহ করেন। তবে, অ্যালেক্স কেরি’র অসাধারণ শতরানের কল্যাণে সফরকারীরা ৯ উইকেটে জয় পেলে ২-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
পূর্ববর্তী গ্রীষ্মে চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ স্যাম কনস্টাসের সাথে তাঁকে ১ এপ্রিল, ২০২৫ তারিখে ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃক ঘোষিত ২০২৫-২৬ মৌসুমকে ঘিরে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়।
২০২৫ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত খেলায় অংশ নিতে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। তবে, ১১ জুন, ২০২৫ তারিখ থেকে লর্ডসে শুরু হওয়া অপর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার জন্যে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে তাঁর ঠাঁই হয়নি।
