১৮ জুলাই, ১৯২৫ তারিখে লন্ডনের আর্লস কোর্ট এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৫০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।
উইনচেস্টার কলেজে অধ্যয়নের পর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছেন। দর্শনীয় ভঙ্গীমায় ডানহাতি ব্যাটসম্যান হিসেবে সুনাম কুড়িয়েছিলেন। ১৯৪৮ থেকে ১৯৬১ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সাসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলেছেন। ১৯৬১ সাল পর্যন্ত সাসেক্সের পক্ষে খেলেন। তন্মধ্যে, ১৯৫৪ সালে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। সাসেক্সের পক্ষে সর্বমোট ১৫৫টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ২৮.৪৫ গড়ে ৬৭১৬ রান ও ৪১.৩০ গড়ে ২০ উইকেট দখল করেছিলেন।
বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ১৯৪৮ সালে ২২ বছর বয়সে তাঁর প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে অভিষেক খেলাতেই ২১৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১৮২৬ সালের পর অভিষেকে যে-কোন ইংরেজের এটিই সর্বোচ্চ রান ছিল। কেমব্রিজ থেকে ক্রিকেটে ব্লুধারী হবার পর ফুটবলেও ব্লু পান। এছাড়াও, অপর তিনটি ক্রীড়ায় হাফ ব্লুধারী হন।
১৯৪৯ সালে খেলোয়াড়ী জীবনের দূর্দান্ত সূচনা ঘটান। দুই হাজারের অধিক রানের সন্ধান পান। একই বছর ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সাসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। ফেনার্সে কেমব্রিজের সদস্যরূপে এসেক্সের বিপক্ষে দারুণ খেলেন। ২১৯ রানের ইনিংস খেলেন। এ পর্যায়ে জন ডিউজকে সাথে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৪২৯ রান তুলেছিলেন। তৎকালে ইংরেজ ক্রিকেটে এটি দ্বিতীয় উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটির মর্যাদা পায়। সাসেক্সের পক্ষে দুইটি শতক হাঁকান। তন্মধ্যে, সমারসেটের বিপক্ষে ১১৫ রান সংগ্রহ করেছিলেন।
১৯৫০ সালে ইংল্যান্ডের পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ঐ বছর নিজ দেশে জন গডার্ডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ৮ জুন, ১৯৫০ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। বব বেরি’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ২৯ ও ২২ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রে আল্ফ ভ্যালেন্টাইনের শিকারে পরিণত হয়েছিলেন। এছাড়াও, দুইটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। তবে, আল্ফ ভ্যালেন্টাইনের অসাধারণ বোলিংশৈলী প্রদর্শন সত্ত্বেও ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে সফরকারীরা ২০২ রানে পরাভূত হলে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
এরপর, ২৪ জুন, ১৯৫০ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ০ ও ২৫ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রে সনি রামাদিনের বলে বিদেয় নিয়েছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। ৩২৬ রানে জয়লাভ করলে সফরকারীরা সিরিজে সমতায় ফেরে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
কেমব্রিজ থেকে চলে আসার পর উইনচেস্টারে শিক্ষকতা পেশায় যুক্ত হন। পরবর্তীতে, ব্রুটনভিত্তিক কিংস স্কুলের প্রধানশিক্ষকের দায়িত্ব পালন করেন। ফলে, ক্রিকেটে সময় দেয়া দুরূহ হয়ে পড়ে। পরবর্তীকালে ক্রিকেট প্রশাসনে জড়িয়ে পড়েন। শুরুতে এমসিসি কমিটি ও পরবর্তীতে ১৯৮১ থেকে ১৯৮২ সময়কালে এমসিসি’র প্রেসিডেন্ট হন। পাশাপাশি, ক্রিকেট সোসাইটির প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সাথে নিজেকে জড়ান। এছাড়াও, ত্রিশ বছরের অধিক সময় ইংলিশ স্কুলস ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখে যুক্তরাজ্যের চিচেস্টার এলাকায় ৯২ বছর ২১৩ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
