৬ ডিসেম্বর, ২০০০ তারিখে হরিয়াণার কার্নল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে মিডিয়াম বোলিং করে থাকেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। ভারতের পক্ষে টেস্ট ক্রিকেট খেলছেন।
২০২১-২২ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে হরিয়াণার প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, ভারত ‘এ’, ভারত অনূর্ধ্ব-১৯, চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে খেলেছেন। ১৭ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে দিল্লিতে অনুষ্ঠিত হরিয়াণা বনাম ত্রিপুরার মধ্যকার অনুষ্ঠিত খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
৯ জুন, ২০২৫ তারিখে ভারত ‘এ’ দলের সদস্যরূপে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দারুণ খেলেন। তনুশ কোতিয়ানের (৯০*) সাথে অষ্টম উইকেটে ১২১ রানের নিরবিচ্ছিন্ন জুটি গড়ে সংবাদ শিরোনামে চলে আসেন। এরপর, এক ওভারে দুই উইকেট লাভ করেন। তবে, দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টটি ড্রয়ের দিকে গড়ায়।
২০২৫ সাল থেকে ভারতের পক্ষে টেস্ট ক্রিকেট খেলছেন। ২০২৫ সালে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলের সদস্যরূপে অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফি খেলতে ইংল্যান্ড গমন করেন। আঘাতের কবলে পড়া আকাশ দীপের শূন্যতা পূরণে ২২ জুলাই, ২০২৫ তারিখে প্রসিদ্ধ কৃষ্ণা’র সাথে তাঁকে দলে রাখা হয়। অতঃপর, ২৩ জুলাই, ২০২৫ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ১/৮৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, একবার ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষীয় অধিনায়ক বেন স্টোকসের বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। বৃষ্টি ও আলোর স্বল্পতায় খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে স্বাগতিকরা ২-১ ব্যবধানে এগিয়ে থাকে।
