৬ জুলাই, ২০০২ তারিখে বাগলান এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। আফগানিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
২০১৭-১৮ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আফগান ক্রিকেটে অ্যামো রিজিওন ও স্পিন গড় টাইগার্সের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, আফগানিস্তান এমার্জিং টিম ও অ্যামো শার্কসের পক্ষে খেলেছেন। ১ মার্চ, ২০১৮ তারিখে কুনারে অনুষ্ঠিত আহমদ শাহ আবদালী ফোর-ডে টুর্নামেন্টে অ্যামো রিজিওনের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথমবারের মতো অংশ নেন। ঐ প্রতিযোগিতায় দলের পক্ষে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকে পরিণত হন। দশ খেলায় ৫৪টি উইকেট পেয়েছিলেন। এছাড়াও, প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কারে ভূষিত হন।
১০ জুলাই, ২০১৮ তারিখে একই দলের পক্ষে গাজী আমানুল্লাহ খান রিজিওন্যাল ওয়ান ডে টুর্নামেন্টে লিস্ট-এ ক্রিকেটে অভিষেক হয়। ১৩ অক্টোবর, ২০১৯ তারিখে শাপিজা ক্রিকেট লীগে স্পিন গড় টাইগার্সের পক্ষে টি২০ ক্রিকেটে প্রথম খেলেন।
নভেম্বর, ২০১৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এসিসি এমার্জিং টিমস এশিয়া কাপ খেলার উদ্দেশ্যে আফগানিস্তান দলের সদস্যরূপে মনোনীত হন। ফেব্রুয়ারি, ২০২১ সালে আসগর আফগানের নেতৃত্বে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্য সংরক্ষিত খেলোয়াড় হিসেবে তাঁকে দলে রাখা হয়। ২ মার্চ, ২০২১ তারিখে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। আব্দুল মালিক ও মুনির আহমদের সাথে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। মোটেই সুবিধে করতে পারেননি। ৩ ও ৯ রান সংগ্রহ করতে পেরেছিলেন। এছাড়াও, প্রথম ইনিংসে ০/২৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ঐ টেস্টে জিম্বাবুয়ে দল ১০ উইকেটে জয় পায়।
