৩১ মে, ১৯৩৫ তারিখে ক্যান্টারবারির ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যানের দায়িত্ব পালন করতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিং করতেন। ১৯৫০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

১৯৫৫-৫৬ মৌসুম থেকে ১৯৭০-৭১ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ক্যান্টারবারি ও ওয়েলিংটনের প্রতিনিধিত্ব করেছেন। ক্যান্টারবারির পক্ষে খেলোয়াড়ী জীবন শুরু করেন। তবে, শেষ করেন ওয়েলিংটনের সদস্যরূপে। প্রথম কয়েক বছর সাধারণমানের ক্রীড়াশৈলী প্রদর্শন করলে সংশ্লিষ্টদের মনোযোগ আকর্ষণে ব্যর্থ হন। তবে, ১৯৫৮-৫৯ মৌসুমের প্রথম দুই খেলায় দারুণ খেলেন। ৭৯ ও ৭৪ রানের ইনিংস খেলে দল নির্বাচকমণ্ডলীর আস্থা কুড়ান। ফলশ্রুতিতে, ১৯৫৯ সালে নিজ দেশে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্যে নিউজিল্যান্ড দলের সদস্যরূপে অন্তর্ভুক্ত হন।

১৯৫৯ সালে নিউজিল্যান্ডের পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৫৮-৫৯ মৌসুমে নিজ দেশে পিটার মে’র নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ২৭ ফেব্রুয়ারি, ১৯৫৯ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। কেন হফরজার হ্যারিসের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। প্রথম ইনিংসে ৩৩ রান তুলে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নমূখী হন। এছাড়াও, দ্বিতীয় ইনিংসে ২৬ রান তুলেন। তবে, ঐ টেস্টে স্বাগতিকরা ইনিংস ও ৯৯ রানে পরাজয়বরণ করলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।

একই সফরের ১৪ মার্চ, ১৯৫৯ তারিখে অকল্যান্ডে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় খেলায় এগারো বল মোকাবেলা শূন্য রানে রান আউটে বিদেয় নেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হলে সফরকারীরা ১-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। এরপর, আর তাঁকে নিউজিল্যান্ড দলের পক্ষে খেলতে দেখা যায়নি।

পরের মৌসুমে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে নিজস্ব একমাত্র প্রথম-শ্রেণীর শতকের সন্ধান পান। এ পর্যায়ে গ্রাহাম ডাউলিংয়ের সাথে উদ্বোধনী জুটিতে ২১৪ রান সংগ্রহ করেছিলেন। আরও কয়েক বছর পর নিজস্ব সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ৭/২৩ পান। মাঝে-মধ্যে স্পিন বোলিং করে সব মিলিয়ে ২২.৩৩ গড়ে ৯৬ উইকেট দখল করেছিলেন। এছাড়াও, ১৯৬৯-৭০ মৌসুমে ওয়েলিংটনের অধিনায়কের দায়িত্বে ছিলেন।

সম্পৃক্ত পোস্ট