|

মাহেলা উদত্তে

১৯ জুলাই, ১৯৮৬ তারিখে কলম্বোয় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। বামহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার অধিকারী। কলম্বোভিত্তিক আনন্দ কলেজে অধ্যয়নকালীন নিয়মিতভাবে রান পেয়েছেন। শীর্ষসারির ব্যাটসম্যান ছিলেন। তবে, তাৎক্ষণিকভাবে স্বীকৃতি পাননি। বিদ্যালয় মৌসুমে সহস্রাধিক রান সংগ্রহ করা সত্ত্বেও ২০০৩ সালে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সদস্যতা থেকে বঞ্চিত হন।

২০০৫-০৬ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে চিল’ ম্যারিয়ান্স ক্রিকেট ক্লাব, রুহুনা ও ওয়েয়াম্বা’র প্রতিনিধিত্ব করেছেন। বিদ্যালয় জীবন শেষে সোজা চিল’ ম্যারিয়ান্স এসসিতে যোগ দেন। বিদ্যালয় জীবনে তিন নম্বরে ব্যাটিংয়ে নামলেও ক্লাব দলে ব্যাটিং উদ্বোধন করার সুযোগ পান। ২০০৪-০৫ মৌসুমের অনূর্ধ্ব-২৩ প্রতিযোগিতায় পাঁচ খেলা থেকে তিনটি শতক আদায় করে নেন। ফলশ্রুতিতে, ডেভেলপম্যান্ট স্কোয়াড দলের পক্ষে খেলার সুযোগ এনে দেয়।

২০০৭ সালে ইংল্যান্ড গমনার্থে শ্রীলঙ্কা ‘এ’ দলের সদস্যরূপে অন্তর্ভুক্ত হন। এরপূর্বে ২০০৫-০৬ মৌসুমে প্রিমিয়ারের চূড়ান্ত খেলায় এসএসসি’র বিপক্ষে ক্লাব দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। দিলহারা ফার্নান্দোনুয়ান জয়সা’র ন্যায় তারকা বোলারদের মোকাবেলা করে দলের সংগৃহীত ১৭২ রানের মধ্যে ৬৭ রান তুলেন।

শক্তিধর ও মারকুটে ব্যাটসম্যান হিসেবে দ্রুতগতিসম্পন্ন বোলারদের বিপক্ষে খেলতেই অধিক স্বাচ্ছন্দ্যবোধ করেন। সনথ জয়সুরিয়া’র পরিবর্তে শ্রীলঙ্কার একদিনের আন্তর্জাতিক দলেই অধিক মানানসই। মাহেলা জয়াবর্ধনে’র ন্যায় বিখ্যাত ক্রিকেটারের দৃষ্টিকোণেও উচ্চমানের খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পান। অতঃপর, ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজ গমনার্থে জাতীয় দলের পক্ষে খেলার জন্যে আমন্ত্রণ বার্তা লাভ করেন।

২০০৮ থেকে ২০১৮ সময়কালে শ্রীলঙ্কার পক্ষে দুইটিমাত্র টেস্ট, নয়টিমাত্র ওডিআই ও আটটিমাত্র টি২০আইয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ২০০৮ সালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। ১০ এপ্রিল, ২০০৮ তারিখে পোর্ট অব স্পেনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন।

১১ মে, ২০১৮ তারিখে ওয়েস্ট ইন্ডিজ সফরে কাসুন রজিতা ও ভ্যান্ডার্সে’র সাথে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়। ২০১৮ সালে দিনেশ চণ্ডীমলের নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের সাথে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ গমন করেন। উভয় টেস্টই এ সফরে খেলেছিলেন। ১৪ জুন, ২০১৮ তারিখে গ্রোস আইলেটে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। কাসুন রজিতা’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ০ ও ১৯ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, শ্যান গ্যাব্রিয়েলের অসামান্য বোলিংশৈলীর কল্যাণে খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে স্বাগতিকরা এগিয়ে যায়।

এরপর, ২৩ জুন, ২০১৮ ব্রিজটাউনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও দিবা-রাত্রীর চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ৪ ও ০ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রে কেমার রোচের বলে বিদেয় নিয়েছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। প্রতিপক্ষীয় অধিনায়ক জেসন হোল্ডারের প্রাণান্তঃকর অল-রাউন্ড ক্রীড়াশৈলী প্রদর্শন সত্ত্বেও সফরকারীরা ৪ উইকেটে জয় পেলে সিরিজ ড্র করতে সমর্থ হয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।

সম্পৃক্ত পোস্ট