২৭ জুন, ১৯৩৮ তারিখে নিউ সাউথ ওয়েলসের মোসম্যান এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি বামহাতে নিচেরসারিতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ১৯৫০-এর দশকের শেষদিকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
পারিবারিক উঠানের খেলায় হাতেখড়ি ঘটে। কিশোর অবস্থায় মোসম্যান ক্রিকেট ক্লাবের গ্রীন শীল্ড টিমে অংশগ্রহণ করেন। ১৯৫৩ থেকে ১৯৬২ এবং ১৯৬৮-৬৯ মৌসুমে মোসম্যানের পক্ষে গ্রেড ক্রিকেট খেলতেন। ‘লটহেয়ার’ ডাকনামে ভূষিত গর্ডন রোর্ক ৬ ফুট ৫ ইঞ্চি (১.৯৮ মিটার) উচ্চতার অধিকারী। ১৯৫৭-৫৮ মৌসুম থেকে ১৯৬৩-৬৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৫৭ সালে নিউ সাউথ ওয়েলসের পক্ষে খেলার জন্যে মনোনীত হন। বিধ্বংসী পেস বোলিংয়ে তাৎক্ষণিক প্রভাব ফেলেন।
১৯৫৯ সালে অস্ট্রেলিয়ার পক্ষে চারটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৫৮-৫৯ মৌসুমে নিজ দেশে পিটার মে’র নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ৩০ জানুয়ারি, ১৯৫৯ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। তিনি আঘাতে জর্জরিত ইয়ান মেকিফের স্থলাভিষিক্ত হয়েছিলেন। প্রচণ্ড গরম উপেক্ষা করে ৫২ ওভার বোলিং করে ১০১ রান খরচায় পাঁচ উইকেট পান। খেলায় তিনি ৩/২৩ ও ২/৭৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাট হাতে নিয়ে ২* রান সংগ্রহ করেছিলেন। ১০ উইকেটে জয় পেলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।
এরপর, ১৩ ফেব্রুয়ারি, ১৯৫৯ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ০/২৩ ও ৩/৪১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে শূন্য রানে অপরাজিত ছিলেন। ৯ উইকেটে পরাজিত হলে সফরকারীরা ৪-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
এরপর, ১৯৫৯-৬০ মৌসুমে রিচি বেনো’র নেতৃত্বাধীন অজি দলের সাথে ভারত ও পাকিস্তান গমন করেন। কিন্তু, পেটের সমস্যায় অনেকটা আগে-ভাগে দেশে ফিরে আসতে বাধ্য হন। দেশ ছেড়ে আসার পর আড়াই স্টোন ওজন কমে যায়। এরপর আর তাঁকে আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ দেয়া হয়নি।
১৯ ডিসেম্বর, ১৯৫৯ তারিখে কানপুরে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি প্রথম ইনিংসে জসুভাই প্যাটেলের বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। তবে, দ্বিতীয় ইনিংসে আঘাতের কারণে ব্যাট হাতে নিয়ে মাঠে নামতে পারেননি। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। এছাড়াও, ০/৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ১১৯ রানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে সমতায় আসতে সমর্থ হয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
টেস্টগুলো থেকে ২০.৩০ গড়ে ১০ উইকেট দখল করেছিলেন। খেলোয়াড়ী জীবন স্বল্পকালীন হলেও টেস্ট ক্রিকেটে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিলেন।
১৯৬৪ সাল পর্যন্ত ইয়ান ক্রেগ ও রিচি বেনো’র সাথে নিউ সাউথ ওয়েলসের পক্ষে খেলা চালিয়ে যেতে থাকেন। পরবর্তীতে, আরও কয়েক মৌসুম ম্যানলি’র পক্ষে খেলার পর ১৯৭০-এর দশকে মোসম্যানে ফিরে আসেন। চূড়ান্ত মৌসুমে তৃতীয়সারির দল মোসম্যান ক্রিকেট ক্লাবের অধিনায়কের দায়িত্বে ছিলেন। সর্বকালের অন্যতম সেরা বিতর্কিত ফাস্ট বোলার হিসেবে বিবেচিত হয়েছেন। বোলিং ক্রিজের প্রায় ৬০ সেন্টিমিটার সামনে পা বাঁকিয়ে অনন্য বোলিং করলে আইন প্রবর্তন করতে হয়েছিল।
মোসম্যান স্পোর্টিং ওয়াল অব ফেমে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়। ৫ জুলাই, ২০২৫ তারিখে ৮৭ বছর ৮ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
