১৪ ডিসেম্বর, ১৯৭৭ তারিখে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অ্যাটাডেল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে খেলতেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, বামহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
ক্রীড়াপ্রেমী পরিবারের সন্তান ছিলেন। পিতা ১৯৬৬ থেকে ১৯৭০ সময়কালে অলিম্পিক ও কমনওয়েলথ গেমসে সাঁতার বিভাগে জ্যামাইকার প্রতিনিধিত্ব করেছিলেন। ‘বুব্বা’ ডাকনামে ভূষিত ব্রেন্ডন ন্যাশ ১.৭৩ মিটার ছোটখাটো গড়নের অধিকারী। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে জ্যামাইকা, অস্ট্রেলীয় ক্রিকেটে কুইন্সল্যান্ড এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে কেন্টের প্রতিনিধিত্ব করেছেন। ২০০০-০১ মৌসুম থেকে ২০১৫ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন।
অন্যতম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। কুইন্সল্যান্ডের পক্ষে খেলেন। ২০০১-০২ মৌসুমে স্বর্ণালী সময় অতিবাহিত করেন। কুইন্সল্যান্ডের সদস্যরূপে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৭ রান তুলেন। এরপর, তাসমানিয়ার বিপক্ষে পুরা কাপের চূড়ান্ত খেলায় ৯৬ রানের ইনিংস খেলে স্বীয় প্রতিভার কথা জানান দেন। দলে সুন্দর খেলা প্রদর্শন সত্ত্বেও নিয়মিত খেলোয়াড়ে পরিণত হতে পারেননি।
৫ নভেম্বর, ২০০৫ তারিখে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার খেলায় অতিরিক্ত খেলোয়াড় হিসেবে অংশ নিয়েছিলেন। খেলায় পয়েন্ট অঞ্চলে অবস্থান করে ক্যাচ হাতছাড়া করেন।
২০০৭-০৮ মৌসুমে চুক্তির বাইরে থাকেন। এরফলে, ঐ মৌসুমে জ্যামাইকার দিকে পাড়ি জমান। কেএফসি কাপে জ্যামাইকার শিরোপা বিজয়ে প্রভূতঃ ভূমিকা রাখেন। ঐ মৌসুমের ঘরোয়া প্রথম-শ্রেণীর প্রতিযোগিতায় ৪৬.৮৮ গড়ে ৪২২ রান তুলে ও রান গড়ে তৃতীয় স্থানে চলে আসেন। এ পর্যায়ে চূড়ান্ত খেলায় ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে ১১৭ রানের দারুণ ইনিংস উপহার দেন।
২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত সময়কালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বমোট ২১ টেস্ট ও নয়টিমাত্র ওডিআইয়ে অংশ নিয়েছিলেন। ২০ আগস্ট, ২০০৮ তারিখে কানাডার কিং সিটিতে বারমুডার বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন।
২০০৮-০৯ মৌসুমে ক্রিস গেইলের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে নিউজিল্যান্ড গমন করেন। ১১ ডিসেম্বর, ২০০৮ তারিখে ডুনেডিনে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। লিওনেল বাকেরের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। এরফলে, ১৯৭০-এর দশকের শুরুতে জিওফ গ্রীনিজের পর প্রথম শ্বেতাঙ্গ খেলোয়াড় হিসেবে তাঁর অংশগ্রহণের কথা বিশ্বব্যাপী গণমাধ্যমে প্রকাশিত হয়। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ২৩ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ০/২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। জেরোম টেলরের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে খেলাটি ড্রয়ের দিকে গড়ালে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
পোর্ট অব স্পেনে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে নিজস্ব প্রথম শতরানের সন্ধান পান। ১০৯ রান তুলেন। শিবনারায়ণ চন্দরপলের সাথে ২৩৪ রানের জুটি দাঁড় করান।
২০০৯ সালে ক্রিস গেইলের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ১৪ মে, ২০০৯ তারিখে চেস্টার-লি-স্ট্রিটে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১০ ও ১ রান সংগ্রহ করেছিলেন। জেমস অ্যান্ডারসনের অসাধারণ বোলিং দাপটে সফরকারীরা ইনিংস ও ৮৩ রানে পরাভূত হলে ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
২০১০ সালে নিজ দেশে গ্রায়েম স্মিথের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ১০ জুন, ২০১০ তারিখে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১ ও ১৩ রান সংগ্রহ করেন। ডেল স্টেইনের অসাধারণ অল-রাউন্ড সাফল্যে স্বাগতিকরা ১৬৩ রানে পরাজয়বরণ করলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
২০১১ সালে নিজ দেশে এমএস ধোনি’র নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ২০ জুন, ২০১১ তারিখে কিংস্টনে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১ ও ৯ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৩ ও ০/৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। রাহুল দ্রাবিড়ের অসাধারণ ব্যাটিংয়ের কল্যাণে সফরকারীরা ৬৩ রানে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
