১২ জুন, ১৯৩০ তারিখে নিউ সাউথ ওয়েলসের মোসম্যান এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। ১৯৫০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

১.৮৩ মিটার উচ্চতাসম্পন্ন লম্বাটে ও লিকলিকে গড়নের অধিকারী ছিলেন। কিশোর অবস্থায় গল্ফ ক্লাবে খেলেন। বাল্গোলা গল্ফ ক্লাবের সদস্য হতে রাজী হননি। তবে, মাতা ম্যাজ বার্ক প্রথিতযশা গল্ফার ছিলেন। সাত বছর বয়সেই কোন এক শনিবার সকালে ম্যানলি ওভালে জর্জ লো, লেসলি গিন ও জেমস র‍্যান্ডলের পরিচালনায় ক্রিকেট প্রশিক্ষণে তাঁর মাঝে প্রতিভার স্বাক্ষর লক্ষ্য করা যায়। তাঁর পরিবারে কেবলমাত্র গ্রেট আঙ্কেল পার্শি বার্ক কেন্টের পক্ষে ক্রিকেট খেলেছেন। পিতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন ও ব্রোমলি থেকে নিউ সাউথ ওয়েলসে নিবাস গড়েন।

১৯৪৮-৪৯ মৌসুম থেকে ১৯৫৮-৫৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন।

১৯৫১ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বমোট ২৪ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯৫০-৫১ মৌসুমে নিজ দেশে ফ্রেডি ব্রাউনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ২ ফেব্রুয়ারি, ১৯৫১ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ১২ ও ১০১* রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ২৭৪ রানে জয় পেলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায়।

অংশগ্রহণকৃত টেস্টগুলোর ১৪টি ইংল্যান্ডের বিপক্ষে খেলেন। ১৯৫৬ সালের ইংল্যান্ড সফরে ব্যাপক রান সংগ্রহ করেন। টেস্ট ও পুরো সফরে ব্যাটিং গড়ে শীর্ষস্থানে ছিলেন। এরপর থেকে দলের নিয়মিত সদস্যের ভূমিকায় অবতীর্ণ হন। ঐ বছর ইয়ান জনসনের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ২৩ আগস্ট, ১৯৫৬ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ৮ ও ১ রান সংগ্রহ করে উভয় ইনিংসে জিম লেকারের বলে বিদেয় নিয়েছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা ২-১ ব্যবধানে সিরিজে জয়লাভ করে।

১৯৫৬-৫৭ মৌসুমে ইয়ান জনসনের নেতৃত্বাধীন অজি দলের সাথে ভারত গমন করেন। ২৬ অক্টোবর, ১৯৫৬ তারিখে বোম্বের ব্রাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৫০৪ মিনিট সময় নিয়ে ১৬১ রানের প্রথম শতক হাঁকান। ঐ সময়ে এ সংগ্রহটি অস্ট্রেলিয়ার মন্থরতম শতক ছিল। এছাড়াও, ০/১২ ও ০/৬ বোলিং বিশ্লেষণসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে সফরকারীরা ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

এরপর, ২ নভেম্বর, ১৯৫৬ তারিখে কলকাতায় অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ১০ ও ২ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রে গুলাম আহমেদের বলে বিদেয় নিয়েছিলেন। পাশাপাশি একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১৫ ও ৪/৩৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ৯৪ রানে পরাজিত হলে স্বাগতিকরা ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।

১৯৫৭-৫৮ মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে ইয়ান ক্রেগের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ২৩ ডিসেম্বর, ১৯৫৭ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে অংশ নেন। ঘটনাবহুল এ টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ১০ ও দলীয় সংগ্রহ ১৭/০ থাকাকালে রিটায়ার্ড হার্ট হন। খেলায় তিনি ১৬ ও ১০ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৩৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।

১ জানুয়ারি, ১৯৫৮ তারিখে কেপটাউন অনুষ্ঠিত টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৯ রানের ইনিংস খেলেছিলেন। প্রচণ্ড গরম উপেক্ষা করে ৫৭৮ মিনিট ক্রিজে অবস্থান করেছিলেন। ঐ সফরে তাঁর হাড় ভেঙ্গে যায়।

১৯৫৮-৫৯ মৌসুমে নিজ দেশে পিটার মে’র নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ৫ ডিসেম্বর, ১৯৫৮ তারিখে ব্রিসবেনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২০ ও ২৮* রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ৮ উইকেটে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

একই সফরের ৯ জানুয়ারি, ১৯৫৯ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ২/২৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ১২ ও ৭ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রে জিম লেকারের শিকারে পরিণত হয়েছিলেন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও পূর্বের দুই টেস্টে জয়ের সুবাদে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।

একই সফরের ১৩ ফেব্রুয়ারি, ১৯৫৯ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ১৬ ও ১৩ সংগ্রহ করে উভয় ক্ষেত্রে ফ্রাঙ্ক টাইসনের শিকারে পরিণত হয়েছিলেন। ৯ উইকেটে পরাজিত হলে সফরকারীরা ৪-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

এরপর, ২৮ বছর বয়সে তিনি অবসর গ্রহণ করেন। টেস্টগুলোর ৪৪ ইনিংসে অংশ নিয়ে তিন শতক সহযোগে ৩৪.৫৯ গড়ে ১২৮০ রান তুলেন। কোন ইনিংসেই শূন্য রান সংগ্রহ করেননি। তবে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি খেলায় শূন্য রানে অপরাজিত ছিলেন। ব্রিসবেন টেস্টে ২৫০ মিনিট ব্যাটিং করে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

সবগুলো প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়ে একুশ শতক সহযোগে ৪৫ গড়ে ৭৫৬৩ রান তুলেন। ব্যক্তিগত সর্বোচ্চ ২২০ রান সংগ্রহ করেছিলেন। সন্দেহজনক অফ-ব্রেক বোলিং করে টেস্টে ৮ ও প্রথম-শ্রেণীর ক্রিকেটে ১০১ উইকেট দখল করেন। এছাড়াও, ৫৯টি ক্যাচ তালুবন্দী করেছিলেন।

১৯৫৭ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন।

ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। প্রথম সংসারে দুই কন্যা ও দুই পুত্র ছিল। ২ ফেব্রুয়ারি, ১৯৭৯ তারিখে নিউ সাউথ ওয়েলসের ম্যানলির সেন্ট প্যাট্রিক্স কলেজের মাঠে বন্দুকের নল ঠেঁকিয়ে আত্মহত্যা করেন। এ সময়ে তাঁর বয়স ছিল ৪৮ বছর ২৩৫ দিন।

সম্পৃক্ত পোস্ট