|

টায়রন কেন

৮ জুলাই, ১৯৯৪ তারিখে ডাবলিনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে খেলছেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। আয়ারল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

কিশোর পর্যায়ের বয়সভিত্তিক ক্রিকেটে আয়ারল্যান্ডের অন্যতম প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান হিসেবে চিত্রিত হয়েছিলেন। তবে, জ্যেষ্ঠদের দলে অন্তর্ভুক্ত হবার পর বল হাতে নিয়ে মিডিয়াম-পেস বোলিংয়ে অংশ নেয়ায় অল-রাউন্ডার হিসেবে পরিগণিত হতে থাকেন। ২০১২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় আয়ারল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহকের মর্যাদা লাভ করেছিলেন। ৬ খেলা থেকে ১৯৭ রান ও পাঁচ উইকেট দখল করেন। ঐ প্রতিযোগিতায় দূর্দান্ত ক্রীড়াশৈলী উপস্থাপনার স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে আয়ারল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে মনোনীত হন। তবে, ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ঐ প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি আয়ারল্যান্ড দল।

ডাবলিনভিত্তিক মেরিওন সিসি’র পক্ষে খেলতেন। ২০১৫ সালের বিশ্ব টি২০ বাছাইপর্বকে ঘিরে অনেকটা বিস্ময়করভাবে স্কটল্যান্ডের বিপক্ষে প্রতিযোগিতা পূর্ববর্তী সিরিজ খেলার উদ্দেশ্যে প্রথমবারের মতো বড়দের দলে অন্তর্ভুক্ত হন। আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবনের সূচনালগ্নে বয়সের ভারে ন্যূহ ও শেষদিকে ব্যাটিংয়ে নামা সিমার জন মুনি’র স্থলাভিষিক্ত হয়েছিলেন। বাছাইপর্বে মাত্র দুই খেলায় অংশ নিতে পেরেছিলেন। বেলফাস্টে পাপুয়া নিউগিনির বিপক্ষে ব্যক্তিগত সেরা ৩/১৯ বোলিং পরিসংখ্যান গড়লেও আয়ারল্যান্ড পরাজিত হলে দল থেকে বাদ পড়েন।

এরপর থেকে জাতীয় দল নির্বাচকমণ্ডলীর নজরে ছিলেন। ২০১৭ সাল থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আইরিশ ক্রিকেটে লিনস্টার লাইটনিংয়ের প্রতিনিধিত্ব করেছেন। ৩০ আগস্ট, ২০১৭ তারিখে ব্রিডিতে এনডব্লিউ ওয়ারিয়র্স বনাম লিনস্টারের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনে প্রবেশ করেন।

আন্তঃপ্রাদেশিক ঘরোয়া প্রতিযোগিতায় লিনস্টার লাইটনিংয়ের পক্ষে নিয়মিতভাবে খেলতে থাকেন। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ সালের আন্তঃপ্রাদেশিক টি২০ প্রতিযোগিতায় দলের পক্ষে হ্যাট্রিক করেন। পাশাপাশি আয়ারল্যান্ড ‘এ’ দল ও ইংল্যান্ড লায়ন্সের সমপর্যায়ের দল আয়ারল্যান্ড ওল্ভসের সদস্যরূপে কয়েকটি খেলায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছিলেন।

২০১৫ সাল থেকে আয়ারল্যান্ডের পক্ষে টেস্ট ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। স্কটল্যান্ডের বিপক্ষে দ্বি-পক্ষীয় সিরিজে তাঁকে রাখা হয়। ১৮ জুন, ২০১৫ তারিখে ব্রিডিতে স্কটল্যান্ডের বিপক্ষে টি২০আইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেন। এছাড়াও, বিশ্বকাপ বাছাইপর্বের কয়েকটি খেলায় অংশ নেন।

এরপর আর কোন খেলায় অংশগ্রহণ না করা সত্ত্বেও মে, ২০১৮ সালে আয়ারল্যান্ড দলের পক্ষে টেস্ট খেলার জন্যে আমন্ত্রণ বার্তা লাভ করেন। এ পর্যায়ে আয়ারল্যান্ডের ক্রিকেটের ইতিহাসের উদ্বোধনী টেস্টে অংশগ্রহণের গৌরব অর্জন করেন। ২০১৭-১৮ মৌসুমে নিজ দেশে সরফরাজ আহমদের নেতৃত্বাধীন পাকিস্তান দলের মুখোমুখি হন। আয়ারল্যান্ডের ইতিহাসের উদ্বোধনী টেস্টে বয়েড র‌্যাঙ্কিন বাদে অন্য সকলের সাথে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। ১১ মে, ২০১৮ তারিখে ডাবলিনের মালাহাইডে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্টে সফররত পাকিস্তানের বিপক্ষে বল হাতে নিয়ে ০/৮৬ ও ০/১৭ এবং ব্যাট হাতে নিয়ে ০ ও ১৪ রান তুলেন। ঐ টেস্টে তাঁর দল ৫ উইকেটে পরাজিত হয়।

সেপ্টেম্বর, ২০১৮ সালে নবপ্রবর্তিত এড জয়েস বৃত্তির আওতায় পার্থে প্রশিক্ষণ গ্রহণকল্পে ১০ সপ্তাহব্যাপী প্রকল্পের জন্যে মনোনীত হন। এরপর, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থের ক্লাব ক্রিকেটের সাথে যুক্ত হন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলেন।

সম্পৃক্ত পোস্ট