|

ম্যাথু ফিশার, ১৯৯৯

১০ নভেম্বর, ১৯৯৯ তারিখে অকল্যান্ডে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে মিডিয়াম ফাস্ট বোলিংয়ে পারদর্শী। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন।

২০২০-২১ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে নর্দার্ন ডিস্ট্রিক্টসের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন। রচীন রবীন্দ্র ও ফিন অ্যালেনের সাথে তিনিও ২০১৮ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় নিউজিল্যান্ডের পক্ষে খেলেছিলেন। এ প্রতিযোগিতায় তিনি নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহকে পরিণত হন। ছয় খেলায় অংশ নিয়ে সাত উইকেট দখল করেন। এক পর্যায়ে আঘাতের কবলে পড়েন। ডুনেডিনে অবস্থানকালে ওতাগো বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্রে অধ্যয়ন করেন। এখানে প্রায়শঃই পায়ে আঘাতের সমস্যায় ভুগতেন। তিনি ফাস্ট বোলারের জীবনধারায় অভ্যস্ত হয়ে পড়েন। এরপর থেকে নর্দার্ন ডিস্ট্রিক্টসের সাথে খেলার জন্যে চুক্তিবদ্ধ হন। ২৭ মার্চ, ২০২১ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত ওয়েলিংটন বনাম নর্দার্ন ডিস্ট্রিক্টের মধ্যকার অনুষ্ঠিত খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।

২০২২ সালে নিউজিল্যান্ড ‘এ’ দলের সদস্যরূপে ভারত সফরে যান। ১৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত তৃতীয় অনানুষ্ঠানিক টেস্টে অংশ নেন। প্রথম ইনিংসে রজত পাতিদারের উইকেটসহ তিনি চার উইকেট লাভ করেছিলেন।

একসময় অনুশীলনীতে বোলার হিসেবে ভূমিকা রাখতেন। ক্রমান্বয়ে নিজেকে জাতীয় পর্যায়ে খেলার উপযোগী করে তুলেন। এক পর্যায়ে নিজেকে নিউজিল্যান্ডের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে বিবেচনায় নিয়ে আসেন। ২৭ জুলাই, ২০২৫ তারিখে ২৫ বছর বয়সে এসে অনেকটা বিস্ময়করভাবে নিউজিল্যান্ডের টেস্ট দলে খেলার জন্যে আমন্ত্রণবার্তা লাভ করেন। ২০২৪-২৫ মৌসুমের প্লাঙ্কেট শীল্ড প্রতিযোগিতায় নর্দার্ন ডিস্ট্রিক্টসের পক্ষে তিন খেলায় অংশ নিয়ে ১৭.৭১ গড়ে ১৪ উইকেট লাভ করেন। নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার ও দলীয় সঙ্গীরা তাঁর মাঝে বেশ সম্ভাবনা খুঁজে পান। সর্বোপরী, ১৪টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ২৪.১১ গড়ে ৫১ উইকেট দখল করেছিলেন। কেন উইলিয়ামসন ও অল-রাউন্ডার মাইকেল ব্রেসওয়েল জিম্বাবুয়ে সফরে টেস্ট খেলতে অস্বীকৃতি জানানোয় এ সুযোগ পান।

২০২৫ সাল থেকে নিউজিল্যান্ডের পক্ষে টেস্ট ও টি২০আই ক্রিকেট খেলছেন। ২০২৫ সালে মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে জিম্বাবুয়ে সফরে যান। ৭ আগস্ট, ২০২৫ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। জ্যাকব ডাফি ও জাকারি ফোকসের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ১/১৬ ও ১/২২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, দলের একমাত্র ইনিংসে তাঁকে ব্যাটিংয়ে নামতে হয়নি। ডেভন কনওয়ে’র অসাধারণ শতকের কল্যাণে স্বাগতিকরা ইনিংস ও ৩৫৯ রানে পরাভূত হলে ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।

সম্পৃক্ত পোস্ট