১০ সেপ্টেম্বর, ১৯৯৪ তারিখে ডারবানে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
পিতা টারটিয়াস বস দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ২০১৭-১৮ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে টাইটান্স, নর্দার্নস ও কেপ কোবরাসের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, বার্বাডোস রয়্যালস, এমআই কেপটাউন, মন্ট্রিল টাইগার্স, পার্ল রয়্যালস, প্রিটোরিয়া ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস, ভ্যাঙ্কুভার নাইটস, টশন স্পার্টান্স, দক্ষিণ আফ্রিকা কোল্টস একাদশ, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন। ১ অক্টোবর, ২০১৭ তারিখে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত টাইটান্স বনাম লায়ন্সের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
২০২৪ সাল থেকে দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্ট ও ওডিআইয়ে অংশ নিচ্ছেন। ১৮ ডিসেম্বর, ২০২৪ তারিখে সফররত পাকিস্তানের বিপক্ষে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে আঘাতপ্রাপ্ত কেশব মহারাজ ও উইয়ান মুল্ডারসহ টেস্ট অভিজ্ঞতাহীন কিনা মাফাকা’র সাথে তাঁকে দলে যুক্ত করা হয়। ২০২৪-২৫ মৌসুমে নিজ দেশে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। পাকিস্তানের প্রথম ইনিংসে প্রতিপক্ষীয় অধিনায়ককে নিজের প্রথম বলে বিদেয় করেন। খেলায় তিনি ৪/৬৩ ও ১/৫৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ৮১* ও ০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। এইডেন মার্করামের অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ২ উইকেটে জয়লাভ করলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। টেস্ট অভিষেকের পূর্বেই অবশ্য ২২ ডিসেম্বর, ২০২৪ তারিখে জোহানেসবার্গে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন।
২০২৫ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত খেলায় অংশ নিতে তেম্বা বাভুমা’র নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। তবে, ১১ জুন, ২০২৫ তারিখ থেকে লর্ডসে শুরু হওয়া অপর প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্যে দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশে তাঁর ঠাঁই হয়নি।
২০২৫ সালে কেশব মহারাজের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে জিম্বাবুয়ে গমন করে। ২৮ জুন, ২০২৫ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১০০* ও ৩৬ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৩১ ও ৫/৪৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। লুয়ান-ড্রি প্রিটোরিয়াসের অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ৩২৮ রানে পরাভূত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
এরপর, ৬ জুলাই, ২০২৫ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১/২৭ ও ৪/৩৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, দলের একমাত্র ইনিংসে তাঁর ব্যাটিং করার সুযোগ ঘটেনি। অধিনায়কের দায়িত্বে থাকা উইয়ান মুল্ডারের অসাধারণ ত্রি-শতকের কল্যাণে স্বাগতিকরা খুব সহজেই ইনিংস ও ৩২৮ রানে পরাজিত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজ খোঁয়ায়।
