২২ এপ্রিল, ১৯৯৪ তারিখে কেপপ্রদেশের জর্জ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ের পাশাপাশি মাঝে-মধ্যে উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করে থাকেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্টে অংশ নিচ্ছেন।
ওয়েনবার্গ বয়েজ হাই স্কুলে অধ্যয়ন করেছেন। ২০১২-১৩ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্স, বোল্যান্ড ও কেপ কোবরাজ এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে ডারহামের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, বার্মিংহাম ফোনিক্স, কেপটাউন ব্লিটজ, দক্ষিণ আফ্রিকা কোল্টস একাদশ, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ও ওয়েস্টার্ন প্রভিন্স অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন। ১৪ মার্চ, ২০১৩ তারিখে কেপটাউনে ওয়েস্টার্ন প্রভিন্স বনাম ইস্টার্নসের মধ্যকার খেলায় অংশগ্রহণের মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে মাঝারিসারিতে রান সংগ্রহ স্বীয় সক্ষমতা প্রদর্শন করেছেন। ডারহামে যোগদানের পূর্বে বেশ অচেনা ছিলেন। তবে, দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের সম্ভাবনা দেখতে না পেয়ে ইংল্যান্ডে নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেন। তাঁর সময়কালে বেশ কয়েকজন দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়ের অন্যতম হিসেবে যুক্তরাজ্যে খেললেও কেবলমাত্র এক মৌসুম কাউন্টি ক্রিকেট খেলতে পেরেছিলেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রণীত কোলপ্যাক যোগ্যতার বিষয়টি কাউন্টি ক্রিকেটে প্রয়োগ করা থেকে বিরত থাকলে তাঁকে নিরাশ হতে হয়। এরফলে, দক্ষিণ আফ্রিকায় ফিরে আসতে বাধ্য হন।
২০২০ সালে ডারহামে যোগদানের পর থেকে দূর্দান্ত ছন্দে রয়েছেন। এছাড়াও, ২০২১ সালে বার্মিংহাম ফোনিক্সের সাথে যুক্ত হন। বৈশ্বিক অতিমারী কোভিড-১৯ চলাকালে প্রথম মৌসুমে দারুণ খেলেন। পরের বছর দুই বিদেশী খেলোয়াড়ের অন্যতম হিসেবে ডারহামে ছিলেন। ট্রেন্ট ব্রিজে মৌসুমের প্রথম খেলায় নটিংহ্যামশায়ারের বিপক্ষে ব্যক্তিগত সেরা ১৮০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। দুই খেলা পর রিভারসাইড স্কয়ারে ডার্বিশায়ারের বিপক্ষে চ্যাম্পিয়নশীপে ডারহামের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭ রান সংগ্রহ করেন।
২৫ বছর বয়সে তিনি তাঁর স্বর্ণালী সময়ে প্রবেশ করেন। দ্বিতীয় মৌসুমে কোবরাজের খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হন। পুরো খেলোয়াড়ী জীবনই ওয়েস্টার্ন কেপে খেলেন। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের প্রতিনিধিত্ব করেন।
২০২৩-২৪ মৌসুম থেকে দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন। এ মৌসুমে নিজ দেশে রোহিত শর্মা’র নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ২৬ ডিসেম্বর, ২০২৩ তারিখের বক্সিং ডেতে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ন্যান্ড্রি বার্জারের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৫৬ রান ও দুইটি ক্যাচ তালুবন্দী করে দলের বিজয়ে ভূমিকা রাখেন। ডিন এলগারের অসাধারণ শতকের কল্যাণে স্বাগতিকরা ইনিংস ও ৩২ রানে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
এরপর একই মৌসুমে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে নীল ব্র্যান্ডের অধিনায়কত্বে স্প্রিংবকের সদস্যরূপে নিউজিল্যান্ড গমন করেন। দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে অংশ নেন। ৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে মাউন্ট মুঙ্গানুইয়ে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৫৬ রান অতিক্রম করেন। খেলায় তিনি ৩২ ও ৮৭ রান সংগ্রহ করেছিলেন। রচিন রবীন্দ্রের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্যের কল্যাণে সফরকারীরা ২৮১ রানে পরাজিত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
এরপর, একই সফরের ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে হ্যামিল্টনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে দারুণ খেলেন। কয়েকটি ব্যক্তিগত সাফল্যের সাথে নিজেকে জড়ান। দ্বিতীয় ইনিংসে ৮৮ রানে পৌঁছানোকালে পূর্বতন ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ অতিক্রম করেন। দ্বিতীয় ইনিংসে ১২৭ বলে নিজস্ব প্রথম টেস্ট শতক (১১০) হাঁকান। এছাড়াও, প্রথম ইনিংসে ৩৯ রান সংগ্রহ করেছিলেন। তবে, উইলিয়াম ও’রোর্কের অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা খেলায় ৭ উইকেটে জয়লাভসহ ২-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।
২০২৪ সালে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট খেলেন। ঐ বছর তেম্বা বাভুমা’র নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ গমন করেন। ৭ আগস্ট, ২০২৪ তারিখে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশগ্রহণ করেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ২৯ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। কেশব মহারাজের দূর্দান্ত বোলিংশৈলী প্রদর্শন স্বত্ত্বেও খেলাটি ড্রয়ের দিকে গড়ালে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
২০২৪-২৫ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে এইডেন মার্করামের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে বাংলাদেশ গমন করেন। ২১ অক্টোবর, ২০২৪ তারিখে মিরপুরে অনুষ্ঠিত স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১১ ও ১২ রান সংগ্রহ করে উভয় ইনিংসে তাইজুল ইসলামের শিকারে পরিণত হন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। কাইল ভেরিনের অসাধারণ শতকের কল্যাণে সফরকারীরা ৭ উইকেটে জয়লাভ করলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই মৌসুমে নিজ দেশে ধনঞ্জয় ডি সিলভা’র নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের মুখোমুখি হন। ২৭ নভেম্বর, ২০২৪ তারিখে ডারবানে অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগতভাবে সফল ছিলেন। দ্বিতীয় ইনিংসে ১০ রানে পৌঁছানোকালে টেস্টে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি ৪ ও ২১* রান সংগ্রহসহ তিনটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। মার্কো জানসেনের অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ২৩৩ রানে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
এরপর, নিজ দেশে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। ৩ জানুয়ারি, ২০২৫ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৫ ও ৪৪* রান সংগ্রহসহ ছয়টি ক্যাচ তালুবন্দী করেন। রায়ান রিকেলটনের দূর্দান্ত দ্বি-শতকের কল্যাণে স্বাগতিকরা ১০ উইকেটে জয়লাভের পাশাপাশি ২-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
২০২৫ সালে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। ঐ বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত খেলায় অংশ নিতে তেম্বা বাভুমা’র নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ১১ জুন, ২০২৫ তারিখে লর্ডসে অনুষ্ঠিত অপর প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মুখোমুখি হন। খেলায় তিনি ৪৫ ও ২১ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেন। এইডেন মার্করামের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে ৫ উইকেটে জয়লাভ করলে তাঁর দল শিরোপা বিজয়ী হয়।
২০২৫ সালে কেশব মহারাজের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে জিম্বাবুয়ে গমন করে। ২৮ জুন, ২০২৫ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ০ ও ৩৫ রান সংগ্রহ করেছিলেন। লুয়ান-ড্রি প্রিটোরিয়াসের অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ৩২৮ রানে পরাভূত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
এরপর, একই সফরের ৬ জুলাই, ২০২৫ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৮২ রান সংগ্রহ করেছিলেন। তবে, অধিনায়কের দায়িত্বে থাকা উইয়ান মুল্ডারের অসাধারণ ত্রি-শতকের কল্যাণে স্বাগতিকরা খুব সহজেই ইনিংস ও ৩২৮ রানে পরাজিত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজ খোঁয়ায়।
