৮ ডিসেম্বর, ১৯১৪ তারিখে নিউ সাউথ ওয়েলসের কোবার এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। বামহাতে মিডিয়াম কিংবা স্পিন বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৪০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
দীর্ঘকায় গড়নের অধিকারী ছিলেন। শুরুতে কাউরা ও পরবর্তীতে লিথগোর পক্ষে খেলেন। ২৭ বছর বয়সে গ্রেড ক্রিকেটে অংশ নিতে সিডনিতে যান। বিস্ময়করভাবে পছন্দের শীর্ষে রাখা পিটারশাম ক্লাবে তাঁর ঠাঁই হয়নি। তবে ৪র্থ গ্রেডের দল মারিকভিলে খেলার সুযোগ পান। প্রথম খেলায় ৭/২৮ লাভ করেন। ১৯৪৪-৪৫ মৌসুমে তৃতীয় স্তরের খেলায় মারিকভিলের পক্ষে ১০ উইকেট দখল করেন। কয়েক বছরের মধ্যেই স্তরভিত্তিক ক্রিকেটে প্রথম খেলেন। ১৯৪৫-৪৬ মৌসুমে মারিকভিলের প্রথম স্তরের ক্রিকেটে নিজেকে জায়গা করে নেন।
‘দ্য ব্ল্যাক প্রিন্স’ কিংবা ‘জনসন’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। ১৯৪৫-৪৬ মৌসুম থেকে ১৯৪৯-৫০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন। তারকা বোলার রে লিন্ডওয়ালের সাথে বোলিং উদ্বোধনে নামেন। দ্রুত লয়ে তাঁর উত্থান ঘটে। খুব শীঘ্রই জাতীয় দলে খেলার জন্যে আমন্ত্রণ বার্তা লাভ করেন।
১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বমোট ১২ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯৪৫-৪৬ মৌসুমে বিল ব্রাউনের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে নিউজিল্যান্ড গমন করেন। কিউইদের বিপক্ষে টেস্টের ইতিহাসে এটিই অস্ট্রেলিয়ার উদ্বোধনী খেলা ছিল। ২৯ মার্চ, ১৯৪৬ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। কলিন ম্যাককুল, ইয়ান জনসন, ডন টলন, রে লিন্ডওয়াল ও কিথ মিলারের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৪/১২ ও ২/৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। চার-দিন নিয়ে গড়া ঐ টেস্টটি দুই দিনে শেষ হয়ে যায়। স্বাগতিক দল ৪২ ও ৫৪ রানে গুটিয়ে গেলে প্রতিপক্ষের কাছে ইনিংস ও ১০৩ রানে পরাভূত হয়।
১৯৪৬-৪৭ মৌসুমে নিজ দেশে এমসিসি দলের মুখোমুখি হন। ব্রিসবেনে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে খেলায় ৯৯ রান খরচায় ৯ উইকেট দখল করেন। তন্মধ্যে, ওয়ালি হ্যামন্ডকে উভয় ইনিংসে বিদেয় করেছিলেন। পরের মৌসুমে নিজ দেশে লালা অমরনাথের নেতৃত্বাধীন ভারতীয় দলের বিপক্ষে খেলেন। ২৮ নভেম্বর, ১৯৪৭ তারিখে ব্রিসবেনের গাব্বায় অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ঘটনাবহুল এ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৯ বলের ব্যবধানে ৫/২ ও দ্বিতীয় ইনিংসে ৬/২৯ পান। খেলায় তিনি ৩১ রান খরচায় ১১ উইকেট দখল করেছিলেন। তন্মধ্যে, প্রথম ইনিংসে সংগৃহীত পাঁচ-উইকেট লাভে বল সংখ্যায় রেকর্ড হিসেবে চিত্রিত হয়ে আসছে। দ্বিতীয় ইনিংসে বোলিং বিশ্লেষণটি পরবর্তীতে তাঁর সেরা হিসেবে রয়ে যায়। তবে, দলের একমাত্র ইনিংসে শূন্য রানে অপরাজিত ছিলেন। স্বাগতিক দল ইনিংস ও ২২৬ রানে জয় পায় এবং পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
খুব স্বাভাবিকভাবেই ১৯৪৮ সালে অ্যাশেজ সিরিজে অংশ নিতে ডন ব্র্যাডম্যানের নেতৃত্বাধীন ‘অপরাজেয়’ দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেছিলেন। টেস্ট সিরিজ থেকে ১১ উইকেট লাভ করেন। এ সফরে ২১.১২ গড়ে ৫০ উইকেট দখল করেছিলেন। তন্মধ্যে, লর্ডস টেস্ট থেকে ব্যক্তিগত সেরা ৫/৪০ পান।
২৪ জুন, ১৯৪৮ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ০/২৩ ও ৫/৪০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাট হাতে নিয়ে ০/২০ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ৪০৯ রানের বিশাল ব্যবধানে পরাভূত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
একই সিরিজের ২২ জুলাই, ১৯৪৮ তারিখে লিডসে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ১২* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/১১২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ৭ উইকেটে জয় পেলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। অংশগ্রহণকৃত টেস্টগুলো থেকে ৪৭ উইকেট দখল করেন।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। ক্যাথলিন নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। এ দম্পতির এক কন্যা ছিল। ১১ মে, ২০০৩ তারিখে নিউ সাউথ ওয়েলসের ববিন হেড এলাকায় ৮৮ বছর ১৫৪ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
