৭ ডিসেম্বর, ১৯১৪ তারিখে ল্যাঙ্কাশায়ারের রটেনস্টল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটিং উদ্বোধন কর্মে মনোনিবেশ ঘটাতেন। ডানহাতে ব্যাটিং করতেন তিনি। ১৯৪০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
পাঁচ বছর বয়সে অনাথ হবার পর ক্রিকেটপ্রেমী কাকীর তত্ত্বাবধানে বড় হন। বিদ্যালয়ে তাঁর প্রতিভার বিচ্ছুরণ ঘটে। ১৯৩০ সালে নিজ শহরের ল্যাঙ্কাশায়ার লীগে রটেনস্টলের পক্ষে খেলতেন। ১৯৩৬ সালে তাঁকে চিহ্নিত করা হয় ও ওল্ড ট্রাফোর্ডের কর্মী হিসেবে যোগ দেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ার দলের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৩৭ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন অ্যাক্রিংটনে প্রকৌশল প্রতিষ্ঠানে কাজ করতে। বোল্টন লীগে হরউইচের পক্ষে খেলতেন।
১৯৩৭ সালে ট্রেন্ট ব্রিজে নটিংহ্যামশায়ারের বিপক্ষে হ্যারল্ড লারউডের ন্যায় বোলারদের রুখে দিয়ে নিজস্ব প্রথম শতক হাঁকান। তবে, ল্যাঙ্কাশায়ারের মজবুত ব্যাটিং অবস্থানের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত দলের নিয়মিত সদস্যের মর্যাদা পাননি। সিরিল ওয়াশব্রুকের সাথে নিয়মিতভাবে ব্যাটিং উদ্বোধন করতে তাঁকে দেখা যেতো। তবে, সিরিল ওয়াশব্রুকের সাফল্যে প্রায়শঃই ম্লান হয়ে পড়তেন। তাসত্ত্বেও, সন্দেহাতীতভাবে ল্যাঙ্কাশায়ারের অন্যতম সফলতম ও বিশাল জনপ্রিয়তা লাভ করেছেন স্বীয় গুণে গুণান্বিত হয়ে। ১৯৪৭ সালের গ্রীষ্মে দূর্দান্ত ক্রীড়া নৈপুণ্যের স্বাক্ষর রাখেন। ফলশ্রুতিতে, ইংরেজ দলে ঠাঁই পান।
১৯৪৮ সালে সব মিলিয়ে ইংল্যান্ডের পক্ষে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ লাভ করেছিলেন। সবগুলো টেস্টই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন। ১৯৪৭-৪৮ মৌসুমের শীতকালে গাবি অ্যালেনের নেতৃত্বাধীন এমসিসি’র দূর্বল পরিকল্পনায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। ২১ জানুয়ারি, ১৯৪৮ তারিখে ব্রিজটাউনে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ডেনিস ব্রুকস, জেরাল্ড স্মিথসন, জিম লেকার ও মরিস ট্রেমলেটের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ খেলায় তিনি ১২ ও ১* রান সংগ্রহ করতে পেরেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ৩ মার্চ, ১৯৪৮ তারিখে জর্জটাউনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি ১ ও ১৫ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ৭ উইকেটে জয়লাভ করলে সিরিজে এগিয়ে যায়।
এরপর, ২৭ মার্চ, ১৯৪৮ তারিখে জ্যামাইকার কিংস্টনে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্ট খেলেন। সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৭ রান তুলেছিলেন। এছাড়াও, প্রথম ইনিংসে ৮ রান সংগ্রহ করেছিলেন। তবে, ১০ উইকেটে পরাজিত হলে তাঁর দল ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
অংশগ্রহণকৃত টেস্টগুলো থেকে ২৮.৯০ গড়ে ১৪৪ রান সংগ্রহ করেছিলেন। পরবর্তী ছয় মৌসুমের প্রত্যেকটিতে সহস্র রানের মাইলফলক স্পর্শ করলেও আর ইংরেজ দল নির্বাচকমণ্ডলীর মন জয় করতে পারেননি। ১৯৫০ সালে ল্যাঙ্কাশায়ারের কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা বিজয়ে ভূমিকা রাখেন। এ পর্যায়ে তাঁর দল সারের সাথে যৌথভাবে শিরোপা লাভ করেছিল। প্রথম-শ্রেণীর ক্রিকেটে দলটির পক্ষে ১৪৬০৫ রান সংগ্রহ করেছেন। এরফলে, কাউন্টি দলটির সর্বকালের সর্বাধিক রান সংগ্রহকারী তালিকায় ২০তম অবস্থানে রয়েছেন। ১৯৪৭ সালের গ্রীষ্মে তিনটি দ্বি-শতকসহ ২৪০৮ রান তুলেছিলেন। সব মিলিয়ে ৩২৪টি প্রথম-শ্রেণীর খেলা থেকে ৩৬ শতক সহযোগে ৩৫.৬৩ গড়ে ১৫৬০৯ রান সংগ্রহ করেছিলেন।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। ১৯৪০ সালে ইলিন নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। এ দম্পতির দুই কন্যা ছিল। ২৫ জানুয়ারি, ২০০২ তারিখে ল্যাঙ্কাশায়ারের বার্নলি এলাকায় ৮৭ বছর ৪৯ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। ৮৭তম জন্মদিন উদযাপনের সাত সপ্তাহ পর মৃত্যুকালীন তিনি ইংল্যান্ডের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ জীবিত টেস্ট ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন।
