|

নাজমুল ইসলাম

২১ মার্চ, ১৯৯২ তারিখে ঢাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। ২০১০-এর দশকের শেষদিকে বাংলাদেশের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক খেলায় নাগনৃত্য প্রদর্শনের মাধ্যমে তুমুল খ্যাতি পান। বামহাতি স্পিনার হিসেবে খেলছেন। ২০১০ সালে ১৯ বছর বয়সে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। তবে, আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের জন্যে তাঁকে অনেকদিন অপেক্ষার প্রহর গুণতে হয়। দলে স্থান লাভের প্রশ্নে সর্বদাই আব্দুর রাজ্জাক, এনামুল হক জুনিয়র ও সাকলাইন সজীবের ন্যায় বামহাতি স্পিনারদের পিছনে অবস্থান করতে হয়েছিল। স্ট্যাম্প বরাবর বল ফেলতে পারতেন। এছাড়াও, নিষ্প্রাণ উইকেটেও বলকে বাঁক খাওয়ানোয় দক্ষতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এরফলে, সীমিত-ওভারের ক্রিকেটে তাঁকে বেশ কার্যকর খেলোয়াড়ে পরিণত করে।

‘অপু’ ডাকনামে ভূষিত নাজমুল ইসলামকে ‘নাজমুল অপু’ নামেও ডাকা হয়। ২০০৯-১০ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর বাংলাদেশী ক্রিকেটে চট্টগ্রাম বিভাগ ও ঢাকা বিভাগের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, জেমকন খুলনা, সিলেট থান্ডার, বরিশাল বার্নার্স ও কলাবাগান ক্রিকেট একাডেমির পক্ষে খেলেছেন। ১৫ ফেব্রুয়ারি, ২০১০ তারিখে চট্টগ্রামে অনুষ্ঠিত ঢাকা বিভাগের সদস্যরূপে খুলনা বিভাগের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তাঁর অভিষেক ঘটে। ঐ খেলায় চার উইকেট পান। এরপর থেকে জাতীয় লীগের পাশাপাশি ঢাকা বিভাগ দলের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হন।

২০১৩-১৪ মৌসুমে জাতীয় ক্রিকেট লীগে ৩১ উইকেট দখল করেন। সাদা-বলের ক্রিকেটে সফলতাসহ প্রথম-শ্রেণীর ক্রিকেটে চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ জাতীয় দল নির্বাচকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। বিপিএলে অংশগ্রহণকালে জাতীয় দল নির্বাচকমণ্ডলীর সুনজরে ছিলেন। ২০১৭ সালের বিপিএল আসরে ১২ উইকেট পান।

২০১৮ সালে বাংলাদেশের পক্ষে একটিমাত্র টেস্ট, পাঁচটিমাত্র ওডিআই ও ১৩টি টি২০আইয়ে অংশ নিয়েছেন। ফেব্রুয়ারি, ২০১৮ সালে বাংলাদেশের টি২০আই দলে খেলার জন্যে মনোনীত হন। তবে, শুরুতে যথেষ্টসংখ্যক উইকেট লাভ করতে না পারলেও বিসিবি কর্তৃপক্ষের কাছে স্বীয় কার্যকারিতা তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। পরবর্তীতে বাংলাদেশের ওডিআই দলে খেলার জন্যে মনোনীত হন। ২৩ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে অনুষ্ঠিত এশিয়া কাপের সুপার ফোর পর্বে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক ঘটে।

২০১৮-১৯ মৌসুমে নিজ দেশে হ্যামিল্টন মাসাকাদজা’র নেতৃত্বাধীন জিম্বাবুয়ের মুখোমুখি হন। ২৫ অক্টোবর, ২০১৮ তারিখে মোহাম্মদ মিঠুনের সাথে টেস্ট খেলার জন্যে আমন্ত্রণ পান। ৩ নভেম্বর, ২০১৮ তারিখে সিলেটে বাংলাদেশে সফররত জিম্বাবুয়ে দলের বিপক্ষে আরিফুল হকের সাথে সিরিজের প্রথম টেস্টে একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ টেস্টে সফরকারীরা ১৫১ রানের ব্যবধানে জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

সম্পৃক্ত পোস্ট