২১ মে, ১৯২৯ তারিখে ট্রান্সভালের জোহানেসবার্গে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৫০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
সপ্তম রাজা এডওয়ার্ড স্কুলে অধ্যয়ন করেছেন। মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিতি লাভ করেন ও সুনাম কুড়ান। এছাড়াও, বোলিং কর্মেও নিয়োজিত ছিলেন। ১৯৪৭ ও ১৯৪৮ সালে এসএ নাফিল্ড একাদশের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৪৯ থেকে ১৯৬১-৬২ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে রোডেশিয়া, সাসেক্স ও ট্রান্সভালের প্রতিনিধিত্ব করেছেন।
১৯৪৯ সালে সাসেক্স দ্বিতীয় একাদশের পক্ষে খেলেন। নিজের ২০তম জন্মদিন উদযাপনের দুই সপ্তাহ পূর্বে সাসেক্সের সদস্যরূপে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে একটি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেন। দক্ষিণ আফ্রিকায় প্রত্যাবর্তন করে ট্রান্সভালের সদস্যরূপে সফররত অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে দুইটি খেলায় অংশগ্রহণ করেন।
১৯৫০ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে পাঁচটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। তবে, খুব কমই সফলতার সন্ধান পেয়েছেন। ১৯৪৯-৫০ মৌসুমে নিজ দেশে লিন্ডসে হ্যাসেটের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ১০ ফেব্রুয়ারি, ১৯৫০ তারিখে জোহানেসবার্গের এলিস পার্কে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। রোনাল্ড ড্র্যাপার ও মাইকেল মেলের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ১৯ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও স্বাগতিকরা ৩-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ে।
১৯৫৪-৫৫ মৌসুমে ট্রান্সভালের পক্ষে সফলতম মৌসুম অতিবাহিত করেন। ৪২.১১ গড়ে ৩৭৯ রান তুলেন। সর্বোচ্চ করেন ৯৪ রান। ফলশ্রুতিতে, ১৯৫৫ সালে জ্যাক চিদামের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে ইংল্যান্ড সফরের জন্যে তাঁকে পুণরায় দলে ফিরিয়ে আনা হয়। প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। এ সফরের ২২ খেলা থেকে ২৩.৬৮ গড়ে ৭৫৮ রান সংগ্রহ করেছিলেন। তন্মধ্যে, তিন টেস্ট থেকে ২৬.০০ গড়ে ১৫৬ রান তুলেছিলেন। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে মাত্র ৪৩ মিনিটে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন। এক পর্যায়ে স্পিনার জ্যাক ইকিনের এক ওভার থেকে ৪, ৪, ৬, ৬, ৪, ৬ মোট ৩০ রান আদায় করে নেন।
৯ জুন, ১৯৫৫ তারিখে নটিংহামে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে অংশ নেন। খেলায় তিনি ২ ও ৩ রান সংগ্রহ করেন। সফরকারীরা ইনিংস ও ৫ রানে পরাজিত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
ওল্ড ট্রাফোর্ডে সিরিজের তৃতীয় টেস্টে সর্বাপেক্ষা স্মরণীয় ইনিংস খেলেন। দলের সংগ্রহ ২৪৫/৫ থাকাকালে উইকেট-রক্ষক জন ওয়েটের (১১৩) সাথে যোগ দেন। এ জুটি ষষ্ঠ উইকেটে ১৭১ রান যুক্ত করে। নিজে করেন ১০৮ রান। টনি লকের বল থেকে সোজা বরাবর ছক্কা হাঁকিয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে নিজস্ব প্রথম শতরানের ইনিংস খেলেন। ১৪৫ রানের জয়ের লক্ষ্যমাত্রায় সফরকারীরা ধাবিত হলে ১৬ রান তুলে দলের তিন উইকেটের বিজয়ে ভূমিকা রাখেন।
চতুর্থ টেস্টে ব্যর্থতার পরিচয় দিলেও দক্ষিণ আফ্রিকা দল জয়লাভ করতে সমর্থ হয়। ২১ জুলাই, ১৯৫৫ তারিখে লিডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৮ ও ১৯ রান সংগ্রহ করে উভয় ইনিংসে ব্রায়ান স্ট্যাদামের শিকারে পরিণত হন। সফরকারীরা ২২৪ রানে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ২-২ ব্যবধানে অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
এরপর তিনি তাঁর খেলোয়াড়ী জীবনে আর কোন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেননি। কেবলমাত্র ১৯৫৭-৫৮ মৌসুমে সলসবারিতে রোডেশিয়ার সদস্যরূপে সফররত অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে ৮১ ও ১৩৯ রানের ইনিংস খেলেছিলেন। টেস্ট সিরিজে ফিরিয়ে আনার আলাপ-আলোচনা চললেও আর তা হয়ে উঠেনি। তবে, প্রিটোরিয়ায় দক্ষিণ আফ্রিকান একাদশের সদস্যরূপে লফ্টাস ভার্সফেল্ডের বিপক্ষে একটি খেলায় ১২ ও ২২ রান তুলেছিলেন।
ব্যবসায়িক ব্যস্ততার কারণে ১৯৫৯-৬০ মৌসুম শেষে ৩০ বছর বয়সে খেলার জগৎ থেকে অবসর গ্রহণ করেন। সবগুলো প্রথম-শ্রেণীর খেলায় থেকে দুই শতক সহযোগে ২৩.৩৪ গড়ে ২৭৫৫ রান সংগ্রহ করেছিলেন।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। ১৯৫৫ সালের ইংল্যান্ড সফরে মোইরা নাম্নী এক তরুণীর সাথে মিলিত হন। পরবর্তীতে তাঁদের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হন। ২৪ মে, ২০১১ তারিখে জোহানেসবার্গের রোজব্যাংক নেটকেয়ার ক্লিনিক এলাকায় অবস্থিত নিজ গৃহে ৮২ বছর ৩ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
