১৭ এপ্রিল, ১৯৬৮ তারিখে ইংল্যান্ডের ডেভনের টরকুয়ে এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান ছিলেন। বামহাতে ব্যাটিং করতেন। পাশাপাশি, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শীতা দেখান। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
টানটনের কিংস কলেজে অধ্যয়ন করেছেন। ১৯৮৯ সাল থেকে ২০০০-০১ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস, নর্দার্ন ডিস্ট্রিক্টস ও ওয়েলিংটন এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ডেভনের পক্ষে খেলেছেন। ইংরেজ দল নির্বাচকমণ্ডলীর উপেক্ষার পাত্রে পরিণত হলে ১৯৯১-৯২ মৌসুমে উন্নততর সুযোগের সন্ধানে নিউজিল্যান্ডে অভিবাসিত হন। ঘরোয়া ক্রিকেটে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পক্ষে অনবদ্য ক্রীড়াশৈলী উপস্থাপনার স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে খেলার জন্যে তাঁকে আমন্ত্রণ জানানো হয়।
১৯৯৫ থেকে ২০০১ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে সর্বমোট ১৬ টেস্ট ও ৮৭টি ওডিআইয়ে অংশ নিয়েছিলেন। ১৯৯৫-৯৬ মৌসুমে লি জার্মনের নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে ভারত অভিমুখেযাত্রা করেন। ২৫ অক্টোবর, ১৯৯৫ তারিখে চেন্নাইয়ে অনুষ্ঠিত স্বাগতিক ভারত দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। বৃষ্টিবিঘ্নিত ঐ টেস্টে একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ে।
একই সফরের ৮ নভেম্বর, ১৯৯৫ তারিখে কটকে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। বৃষ্টিবিঘ্নিত এ খেলায় একমাত্র ইনিংসে ০/৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ৩৬ রান সংগ্রহ করেছিলেন। তন্মধ্যে, ৫ রানে অবস্থানকালে পরবর্তী ৬৫ মিনিট কোন রান সংগ্রহ করতে পারেননি। বৃষ্টিবিঘ্নিত খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও ১-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায় তাঁর দল।
২৫ নভেম্বর, ১৯৯৫ তারিখে জামশেদপুরে একই দলের বিপক্ষে প্রথমবারের মতো ওডিআইয়ে অংশ নেন।
দৃশ্যতঃ ওডিআই দলের নিয়মিত সদস্যের মর্যাদা পেলেও টেস্ট ক্রিকেটে এ ধারা অব্যাহত রাখতে পারেননি। ১৯৯৯ সালে ইংল্যান্ড সফরের পর আর কোন টেস্টে অংশ নেননি। ঐ বছর স্টিফেন ফ্লেমিংয়ের নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ১৯ আগস্ট, ১৯৯৯ তারিখে ওভালে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১ ও ০ রান তুলে উভয় ইনিংসে এড গিডিন্সের শিকারে পরিণত হয়েছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ক্রিস কেয়ার্নসের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে স্বাগতিকরা ৮৩ রানে পরাজয়বরণ করলে ২-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
রঙিন পোশাক ও শক্তিশালী ব্যাটিংয়ে প্রতিপক্ষকে আক্রমণ করতেই অধিক ঝুঁকে পড়েন। ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় কিউইদের উত্থানে অপূর্ব ভূমিকা পালনে অগ্রসর হন। প্রায় ৮০ গড়ে ৩১৮ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ২০০০-০১ মৌসুমে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা বিজয়ী নিউজিল্যান্ড দলের অন্যতম সদস্য ছিলেন। তবে, শারজাহ ও শ্রীলঙ্কা সফরে ওডিআই দলে স্থান না পেলে ২০০১ সালের শীতকালে অবসর গ্রহণ করেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর ব্যাংকিং পেশায় মনোনিবেশ ঘটান। এছাড়াও, ক্রিকেট প্রশাসনের দিকে ঝুঁকে পড়েন। ১৫ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে নিউজিল্যান্ড ক্রিকেট পরিচালক হিসেবে তাঁকে মনোনীত করা হয়।
