|

খালিদ হাসান

১৪ জুলাই, ১৯৩৭ তারিখে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের পেশাওয়ারে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। লেগ-ব্রেক গুগলি বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৫০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

১৯৫৩-৫৪ মৌসুম থেকে ১৯৫৮-৫৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে লাহোর ও পাঞ্জাবের প্রতিনিধিত্ব করেছেন।

১৯৫৪ সালে পাকিস্তানের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। পাকিস্তানের শুরুরদিকের অন্যতম টেস্ট ক্রিকেটার ছিলেন। ১৯৫৪ সালে আব্দুল কারদারের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সাথে ইংল্যান্ড গমন করেন। মাত্র ১৬ বছর ৩৫২ দিন বয়সে পাকিস্তানের পক্ষে টেস্ট অভিষেক ঘটে। ১ জুলাই, ১৯৫৪ তারিখে নটিংহামের ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। এব্বু গাজালী ও আসলাম খোখরের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে অভিষেককালীন সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটারের মর্যাদা লাভ করেছিলেন। ব্যক্তিগত একমাত্র টেস্টে ১০ ও ৭* রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ইনিংস ও ১২৯ রানে জয় পেলে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। এক টেস্টের বিস্ময়কারীতে পরিণত হন। এরপর, আর তাঁকে পাকিস্তানের পক্ষে খেলতে দেখা যায়নি। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। ১৬ বছর ৩৫৬ দিন বয়স নিয়ে টেস্ট খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটান।

৩ ডিসেম্বর, ২০১৩ তারিখে ৭৬ বছর বয়সে লাহোরে তাঁর দেহাবসান ঘটে।

সম্পৃক্ত পোস্ট