১৫ অক্টোবর, ১৯১০ তারিখে কেপ প্রভিন্সের কিম্বার্লী এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে ভূমিকা রেখে গেছেন। লেগ-ব্রেক গুগলি বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংয়ে অংশ নিতেন। ১৯৩০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
‘ব্যালি’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। গ্রীক বংশোদ্ভূত ছিলেন। পিতামাতা দক্ষিণ আফ্রিকার হীরক শহর হিসেবে পরিচিত কিম্বার্লীতে শুরুতে রেস্তোরাঁ প্রতিষ্ঠান খুলেন। সেখানকার বিদ্যালয়ে অধ্যয়ন করেন ও চার্লি হ্যালোজের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। এক্স অক্ষর দিয়ে শুরু ও অপ্রচলিত নামধারী প্রথম টেস্ট ক্রিকেটার। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে বর্ডার, গ্রিকুয়াল্যান্ড ওয়েস্ট, নর্থ ইস্টার্ন ট্রান্সভাল, ট্রান্সভাল ও ওয়েস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্ব করেছেন। ১৯২৬-২৭ মৌসুম থেকে ১৯৪৬-৪৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন।
১৯৩০ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে নয়টিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৩০-৩১ মৌসুমে নিজ দেশে পার্সি চ্যাপম্যানের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ২৪ ডিসেম্বর, ১৯৩০ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। বব নিউসন, কেন বিলজোয়েন ও সিড কার্নো’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ৭ ও ৩ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ২৮ রানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
১৯৩১-৩২ মৌসুমে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে জক ক্যামেরনের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে নিউজিল্যান্ড সফরে যান। ২৭ ফেব্রুয়ারি, ১৯৩২ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। স্মর্তব্য যে, নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার এটিই প্রথম টেস্ট ছিল। দলের একমাত্র ইনিংসে তিনি ৫ রান সংগ্রহ করতে পেরেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলায় সফরকারীরা ইনিংস ও ১২ রানে জয়লাভ করলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ৪ মার্চ, ১৯৩২ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের ছাঁপ রাখেন। প্রথম ইনিংসে নিজস্ব প্রথম টেস্ট শতক হাঁকান। একবার ব্যাটিংয়ে নেমে ১২২* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/১৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ৮ উইকেটে জয় পেলে ২-০ ব্যবধানে সিরিজে জয়লাভ করে।
১৯৩৫ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত লর্ডস টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম বিজয়ে অংশ নেন। খেলায় ৯৯ রান খরচায় ৮ উইকেট নিয়ে দলকে ১২৮ রানের ব্যবধানে জয় এনে দেন। ঐ টেস্ট তিনি ৫/৪৯ ও ৪/৫৪ পান। নটিংহামে সিরিজের প্রথম টেস্টে অংশগ্রহণের সুযোগ পাননি। তবে, ইয়র্কশায়ারে প্রস্তুতিমূলক খেলায় নিজেকে ঝালাই করে নেন। বিস্ময়করভাবে ঐ গ্রীষ্মের বাদ-বাকী তিন টেস্টে আঘাতের কারণে খেলতে পারেননি।
লর্ডস টেস্টের পূর্বে আরও একটি জয়ে বিরাট অবদান রেখেছিলেন। ১৯৩১-৩২ মৌসুমে দলের সাথে নিউজিল্যান্ড গমন করেন। ওয়েলিংটনের ব্যাসিন রিজার্ভে ব্যাট হাতে নিয়ে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন। উইজডেনের ভাষায়, ইনিংসটি সর্বাপেক্ষা আকর্ষণীয় ভঙ্গীমা প্রদর্শনে গড়া। এরপর বল হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসে দুই উইকেট তুলে নেন।
অপর আট টেস্ট থেকে তিনি মাত্র ১৩ উইকেট দখল করেছিলেন। ১৯৩৮-৩৯ মৌসুমে নিজ দেশে ওয়ালি হ্যামন্ডের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ৩১ ডিসেম্বর, ১৯৩৮ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ড দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ২৯ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১১৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ে পরিণত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় অগ্রসর হতে থাকে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
সব মিলিয়ে টেস্টগুলো থেকে ১৪.৫০ গড়ে ১৭৪ রান ও ৩৬.৬৩ গড়ে ২২ উইকেট দখল করেছিলেন। ঐ শতক বাদে ১২ ইনিংস থেকে কেবলমাত্র একবারই দুই অঙ্কের কোটা স্পর্শ করেছিলেন ও পাঁচবার শূন্য রানের সন্ধান পান।
১২ মে, ১৯৯৪ তারিখে ট্রান্সভালের হাইড পার্ক এলাকায় অবস্থিত নিজ গৃহে ৮৩ বছর ২০৯ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
