|

পিটার স্ট্রাইডোম

১০  জুন, ১৯৬৯ তারিখে কেপ প্রভিন্সের সমারসেট ইস্ট এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হতেন। ডানহাতে মাঝারিসারিতে ব্যাটিংয়ের পাশাপাশি স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। ২০০০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

‘স্ট্রাইকার’ ডাকনামে ভূষিত পিটার স্ট্রাইডম গ্রে হাই স্কুল ও পোর্ট এলিজাবেথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। ১৯৮৭ সালে এসএ স্কুলসের পক্ষে খেলার জন্যে মনোনীত হন। ১৯৮৭-৮৮ মৌসুম থেকে ২০০৪-০৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে বর্ডার ও ইস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্ব করেছেন। ২৩ জুলাই, ২০০৪ তারিখে ইস্টার্ন কেপের পরবর্তী মৌসুমকে ঘিরে অধিনায়ক হিসেবে মনোনীত হন।

২০০০ সালে দক্ষিণ আফ্রিকার পক্ষে দুইটিমাত্র টেস্ট ও ১০টি ওডিআইয়ে অংশ নিয়েছিলেন। ১৯৯৯-২০০০ মৌসুমে নিজ দেশে নাসের হুসাইনের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ১৪ জানুয়ারি, ২০০০ তারিখে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। বৃষ্টিবিঘ্নিত ও উভয় দলের ছেড়ে দেয়া খেলায় তিনি মাত্র ছয় ওভার বোলিং করে ২৭ রান খরচ করেছিলেন। এছাড়াও, দলের একমাত্র ইনিংসে ব্যাট হাতে নিয়ে ৩০ রান সংগ্রহ করেছিলেন। ২ উইকেটে পরাজিত হলেও স্বাগতিকরা ২-১ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।

১৯৯৯-২০০০ মৌসুমে প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে হান্সি ক্রোনিয়ে’র নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে ভারত গমন করেন। ২৪ ফেব্রুয়ারি, ২০০০ তারিখে মুম্বইয়ের ওয়াংখেড়েতে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্ট খেলেন। এ টেস্টে বোলিং করেননি ও ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেন। খেলায় তিনি ২ ও ৩ রান সংগ্রহ করে উভয় ইনিংসে মুরালি কার্তিকের শিকারে পরিণত হন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। তবে, প্রতিপক্ষীয় অধিনায়ক শচীন তেন্ডুলকরের অল-রাউন্ড ক্রীড়াশৈলী প্রদর্শন সত্ত্বেও সফরকারীরা ৪ উইকেটে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

এপ্রিল, ২০০০ সালে খেলা গড়াপেটায় হান্সি ক্রোনিয়ে’র সম্পৃক্ততার বিষয়ের কথা ঘোষণা করেন ও এ ঘটনায় নিজেকে জড়ান। খেলোয়াড়ী জীবনের শুরুটা দূর্দান্ত হলেও আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে নিজের সক্ষমতা তুলে ধরতে পারেননি।

সম্পৃক্ত পোস্ট