১৫ নভেম্বর, ১৯৬৮ তারিখে ল্যাঙ্কাশায়ারের অ্যাক্রিংটন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ বোলার হিসেবে খেলতেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৯০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
‘ডিগার’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ইংল্যান্ডের মিডিয়াম-পেসার হিসেবে খেলেছেন। ১৯৮৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ১৯৯৬ সালে লিস্ট-এ ক্রিকেটে সর্বোচ্চ ব্যাটিং গড়ের অধিকারী হন। ১২ ইনিংসের ১১টিতেই অপরাজিত থেকে ৭৮ গড়ে রান তুলেন। ব্যক্তিগত সর্বোচ্চ করেছিলেন অপরাজিত ৩৫ রান। ৬৮ গড় নিয়ে ডিন জোন্স তাঁর কাছাকাছি ছিলেন ও তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করেন।
সমগ্র খেলোয়াড়ী জীবনে দশ বছরের ব্যবধানে দুইটিমাত্র প্রথম-শ্রেণীর শতক হাঁকিয়েছিলেন। অভিষেকের তিন বছর পর ১৯৯২ সালে ডারহামের বিপক্ষে ১৩৩ রান তুলেন। এর দশ বছর পর ২০০২ সালে ওয়ারউইকশায়ারের বিপক্ষে দ্বিতীয়টি করেন। দশ নম্বর অবস্থানে ব্যাটিংয়ে নেমে ১১৭ রানে অপরাজিত ছিলেন।
১৯৯৫ থেকে ১৯৯৮ সময়কালে সব মিলিয়ে ইংল্যান্ডের পক্ষে মাত্র আটটি টেস্ট ও ২০টি ওডিআইয়ে অংশ নিয়েছিলেন। কয়েকটি খেলায় দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শনের কারণে ১৯৯৫ সালে ইংল্যান্ডের ওডিআই দলে আমন্ত্রণ পান। ঐ বছর নিজ দেশে রিচি রিচার্ডসনের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ২৬ মে, ১৯৯৫ তারিখে ওভালে ওডিআইয়ের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেন। দলের পঞ্চম বোলার হিসেবে বোলিং করেন ও প্রতিপক্ষকে ২৮১ রানে আটকিয়ে রাখতে ভূমিকা রাখেন। ঐ খেলায় তাঁর দল ২৫ রানে জয় তুলে নেয়। তাঁর এ প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।
একই সফরের ৮ জুন, ১৯৯৫ তারিখে লিডসে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ২ ও ১৯ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৪৮ ও ১/৪৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ইয়ান বিশপের অপূর্ব বোলিংয়ের কল্যাণে স্বাগতিকরা ৯ উইকেটে পরাভূত হলে ছয়-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
এরপর, ২২ জুন, ১৯৯৫ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২/৬৫ ও ০/৩০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ২৯ ও ১ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। অভিষেকধারী ডমিনিক কর্কের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে ৭২ রানে জয় পেলে স্বাগতিকরা ছয়-টেস্ট নিয়ে গড়া সিরিজে সমতা আনয়ণ করে।
১৯৯৫-৯৬ মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে মাইক অ্যাথার্টনের নেতৃত্বাধীন ইংরেজ দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ১৪ ডিসেম্বর, ১৯৯৫ তারিখে ডারবানে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের স্বাক্ষর রাখেন। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে জেএইচ ক্যালিসকে বিদেয় করে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা ছিল ২/৬৫। খেলায় তিনি ৪/৬০ বোলিং বিশ্লেষণ দাঁড় করানোসহ একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। তবে, বৃষ্টিবিঘ্নিত ও মন্দালোকের কারণে ড্র হওয়া খেলাটিতে ব্যাট হাতে তাঁকে মাঠে নামতে হয়নি। এরফলে, পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ২৬ ডিসেম্বর, ১৯৯৫ তারিখে পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। ঘটনাবহুল এ টেস্টের খেলার চতুর্থ দিনের দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতে ৭ ওভার বোলিং করে কোন রান খরচ না করেই ২ উইকেটের সন্ধান পান। খেলায় তিনি ১/৭৯ ও ৩/৩৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ৪ রান সংগ্রহ করেন। গ্যারি কার্স্টেনের অসাধারণ ব্যাটিং বদান্যতায় খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় অগ্রসর হতে থাকে।
এছাড়াও, ১৯৯৬ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় দলের সদস্যরূপে মনোনীত হন। ১৯৯৭ সালে নিজ দেশে মার্ক টেলরের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২১ আগস্ট, ১৯৯৭ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ষষ্ঠ ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ০/৩৮ ও ০/১৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ২০ ও ৩ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, ফিল টাফনেলের চমৎকার বোলিংশৈলীর কল্যাণে ১৯ রানে জয়লাভ করলেও স্বাগতিকরা ৩-২ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
ল্যাঙ্কাশায়ারের তারকা খেলোয়াড়ের মর্যাদাপ্রাপ্ত হয়েছিলেন। তবে, ঘরোয়া পর্যায়ের সাফল্যকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারেননি। ক্রমাগত হাঁটুর আঘাতে জর্জড়িত হলে ২২ জুন, ২০০৫ তারিখে প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে নিজের অবসর গ্রহণের কথা ঘোষণা করেন। চিত্রাঙ্কন ও মদ্যপানে অবসর সময় অতিবাহিত করছেন। এছাড়াও, ল্যাঙ্কাশায়ারভিত্তিক স্থানীয় ক্রিকেটে কোচের ভূমিকায় অবতীর্ণ হন। ল্যাঙ্কাশায়ার বিশ্ববিদ্যালয় থেকে ওয়ান, টু ও থ্রী পর্যায়ের কোচিং ডিগ্রী লাভ করেন। ল্যাঙ্কাশায়ারে কিছু সময়ের জন্যে কোচ ও ফাস্ট বোলারদের পরামর্শকের দায়িত্ব পালন করেছিলেন।
