২৫ আগস্ট, ২০০১ তারিখে নর্থ ওয়াজিরাস্তানে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকা পালন করছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করে থাকেন। পাকিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
২০২০-২১ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে খাইবার পাখতুনখোয়ার প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ফরচুন বরিশাল ও ইসলামাবাদ ইউনাইটেডের পক্ষে খেলেছেন। ২৬ নভেম্বর, ২০২০ তারিখে করাচীতে অনুষ্ঠিত নর্দার্ন বনাম খাইবারের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
২০২১ সাল থেকে পাকিস্তানের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২০২১ সালে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সদস্যরূপে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। ২৮ জুলাই, ২০২১ তারিখে ব্রিজটাউনে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০আইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। দুই ওভারে ১/২০ বোলিং বিশ্লেষণ দাঁড় করালেও বৃষ্টির কারণে খেলাটি পরিত্যক্ত ঘোষিত হয়।
২০২২-২৩ মৌসুমে নিজ দেশে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ১৭ ডিসেম্বর, ২০২২ তারিখে করাচীতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ব্যাট হাতে ৮ ও ২ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৭১ ও ০/৪০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, হ্যারি ব্রুকের অসামান্য ব্যাটিংশৈলীতে সফরকারীরা ৮ উইকেটে জয় তুলে নেয় ও ৩-০ ব্যবধানে সিরিজ বিজয়ী হয়।
একই মৌসুমে নিজ দেশে টিম সাউদি’র নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ২৬ ডিসেম্বর, ২০২২ তারিখে করাচীতে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। ব্যাট হাতে ২ ও ৪৩ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/১০৫ ও ০/১৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, কেন উইলিয়ামসনের অসামান্য ব্যাটিংশৈলীর কল্যাণে খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
