১৩ জুন, ১৯৯১ তারিখে অকল্যান্ডে জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে মূলতঃ বোলারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ডানহাতে ফাস্ট বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। নিউজিল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
‘লকি’ ডাকনামে পরিচিতি লাভ করেন। ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে প্রথম দুই বল থেকে দুই উইকেট লাভ করেছিলেন।
২০১২-১৩ মৌসুম থেকে ঘরোয়া আসরে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলতে শুরু করেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ড দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কলকাতা নাইট রাইডার্স, ম্যানচেস্টার অরিজিন্যালস ও রাইজিং পুনে সুপারজায়ান্টের পক্ষে খেলেছেন। ৭ ফেব্রুয়ারি, ২০১৩ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত অকল্যান্ড বনাম ওয়েলিংটনের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। প্লাঙ্কেট শীল্ড প্রতিযোগিতায় অকল্যান্ড দলের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। তবে, ঐ প্রতিযোগিতায় নিজেকে উপযুক্ত হিসেবে গড়ে তুলতে দুই বছর সময় লাগে। ২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুমে বেশ সাদামাটা ক্রীড়াশৈলী প্রদর্শনের পর অবশেষে ২০১৪-১৫ মৌসুমে ২১ উইকেট পান। পরের মৌসুমে একই সাফল্যের পুণরাবৃত্তি ঘটান। ৩১ উইকেট দখল করে জাতীয় দল নির্বাচকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণে সক্ষম হন।
২০১৬ সাল থেকে নিউজিল্যান্ডের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২০১৯-২০ মৌসুমে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ৪ ডিসেম্বর, ২০১৬ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। ১২ ডিসেম্বর, ২০১৯ তারিখে পার্থে অনুষ্ঠিত দিবা-রাত্রির টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। সিরিজের উদ্বোধনী টেস্টে ০/৪৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ০* ও ১* রান সংগ্রহ করেছিলেন। মিচেল স্টার্কের অনবদ্য অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে সফরকারীরা ২৯৬ রানে পরাজিত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
খেলায় ছন্দ ফিরে পেলে ইংল্যান্ড ও ওয়েলসে যৌথভাবে অনুষ্ঠিত ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় খেলার জন্যে মনোনীত হন। ১৯.৪৭ গড়ে ২১ উইকেট দখল করেন। আফগানিস্তানের বিপক্ষে ৪/৩৭ পান। মিচেল স্টার্কের পর ঐ প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহকে পরিণত হন।
২০১৭ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে অংশ নেন। ৫০ লক্ষ ভারতীয় রূপীর বিনিময়ে রাইজিং পুনে সুপারজায়ান্টসের সাথে খেলার জন্যে চুক্তিবদ্ধ হন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে মাত্র ৭ রান খরচ করে ২ উইকেট পান ও ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে কলকাতা নাইট রাইডার্সের সদস্য হন। তবে, মাত্র পাঁচ খেলায় অংশ নেয়ার সুযোগ পান ও তেমন উইকেট পাননি।
