২৭ ফেব্রুয়ারি, ১৯৩৯ তারিখে জ্যামাইকার সেন্ট ক্যাথরিনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৬০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের শীর্ষস্থানীয় ফাস্ট বোলারদের অন্যতম ছিলেন। সুইং ও কাটে সবিশেষ দক্ষতার পরিচয় দেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে জ্যামাইকার প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ভারতীয় ক্রিকেটে বাংলা দলের পক্ষে এক মৌসুম খেলেছেন। ১৯৬১-৬২ মৌসুম থেকে ১৯৬৮-৬৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। পাশাপাশি, ল্যাঙ্কাশায়ার লীগে রটেনস্টলের পক্ষে খেলেছেন। ১৯৬১-৬২ মৌসুমে জ্যামাইকার পক্ষে দুইটিমাত্র প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশগ্রহণের পর টেস্ট দলে খেলার জন্যে আমন্ত্রণ বার্তা লাভ করেন।
১৯৬২ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৬১-৬২ মৌসুমে নিজ দেশে মনসুর আলী খান পতৌদি’র নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ১৩ এপ্রিল, ১৯৬২ তারিখে কিংস্টনে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। দূর্দান্ত খেলে অভিষেক পর্বকে স্মরণীয় করে রাখেন। সাবিনা পার্কে ওয়েস হলকে সাথে নিয়ে বোলিং আক্রমণে নেতৃত্ব দেন। প্রথম চার ওভারে পাঁচ উইকেট পান ও প্রতিপক্ষের সংগ্রহকে ২৬/৫-এ নিয়ে যান। ঐ ইনিংসে ৫/৪৬ লাভ করেন। দ্বিতীয় ইনিংসে ১৮ রান খরচায় তিনি আরও দুই উইকেট লাভ করেন। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ০ ও ১৩ রান সংগ্রহ করেছিলেন। ১২৩ রানে জয় পেলে ওয়েস্ট ইন্ডিজ দল ৫-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
তবে, পরবর্তী এক বছর কোন খেলার আয়োজন করা হয়নি। ১৯৬৩ সালে দলের সাথে ইংল্যান্ড গমন করেন। এ সফরে ২৭.৩১ গড়ে ৪৭ উইকেট দখল করেছিলেন। বোলিং গড়ে দশম স্থানে ছিলেন। আঘাতের কারণে ১৯৬৬ সালে বিদেশ সফরে যেতে পারেননি। তবে, ভারত ও অস্ট্রালেশিয়ায় পরবর্তী সফরগুলোয় গেলেও কোন টেস্ট খেলার সুযোগ পাননি।
১৯৬৭-৬৮ মৌসুমে নিজ দেশে কলিন কাউড্রে’র নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ২৮ মার্চ, ১৯৬৮ তারিখে জর্জটাউনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। আরও দুই উইকেট পান। খেলায় তিনি বল হাতে নিয়ে ২/৭৯ ও ০/১১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ৮ ও ২০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। উভয় ইনিংসেই তিনি জন স্নো’র বলে বিদেয় নিয়েছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। হল, গ্রিফিথ ও বহুমূখী প্রতিভার অধিকারী গ্যারি সোবার্সের প্রাধান্যতায় তাঁর খেলার সুযোগ কমে আসে।
দীর্ঘদিন যকৃতের সমস্যায় ভুগছিলেন। অতঃপর, ৯ জুলাই, ১৯৯৮ তারিখে জ্যামাইকার কিংস্টনে ৫৯ বছর ১৩২ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
