২৪ নভেম্বর, ১৯১০ তারিখে ট্রান্সভালের র্যান্ডফন্তেইন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম কিংবা লেগ-ব্রেক গুগলি বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন। ১৯৩০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
খেলোয়াড়ী জীবনের শুরুতে ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। পরবর্তীকালে খেলোয়াড়ী জীবনের শেষদিকে লেগ-ব্রেক ও গুগলি বোলিংয়ের দিকে ঝুঁকে পড়েন। ১৯৩০-৩১ মৌসুম থেকে ১৯৪৭-৪৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে রোডেশিয়া, নর্থ ইস্টার্ন ট্রান্সভাল ও ট্রান্সভালের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৩০-৩১ মৌসুমে সফররত এমসিসি দলের বিপক্ষে ট্রান্সভালের সদস্যরূপে দুই খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। প্রথম খেলায় সাত উইকেট দখল করেন। তন্মধ্যে, ওয়ালি হ্যামন্ড ও পার্সি চ্যাপম্যানকে দুইবার করে বিদেয় করেন।
১৯৩১ থেকে ১৯৩২ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৩১-৩২ মৌসুমে জক ক্যামেরনের নেতৃত্বাধীন স্প্রিংবক দলের সর্বকনিষ্ঠ সদস্যরূপে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড গমন করেন। খুব কমই বড় ধরনের খেলায় প্রথম একাদশের সদস্যরূপে খেলার সুযোগ পান। প্রথম টেস্টে দল ইনিংস ও ১৬৩ রানের ব্যবধানে পরাজিত হয়। নিউ সাউথ ওয়েলস কান্ট্রি একাদশের বিপক্ষে প্রথম-শ্রেণীবিহীন খেলায় প্রথম ইনিংসে ৫/৫৭ ও দ্বিতীয় ইনিংসে আরও দুই উইকেট পেলে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশগ্রহণের জন্যে তাঁকে মনোনীত করা হয়।
১৮ ডিসেম্বর, ১৯৩১ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। এ খেলায়ও তাঁর দল ইনিংস ও ১৫৫ রানের ব্যবধানে পরাজয়বরণ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে সফরকারীরা ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। এ টেস্টে তিনি এক উইকেট পেলেও ১০০ রান খরচ করেন। এছাড়াও, ব্যাট হাতে ২ ও ৮ রান তুলেন। নিউজিল্যান্ড গমনের পূর্ব পর্যন্ত স্বল্প কয়েকটি খেলায় অংশ নিয়েছিলেন।
একই মৌসুমে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে জক ক্যামেরনের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে নিউজিল্যান্ড সফরে যান। ৪ মার্চ, ১৯৩২ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। উভয় ইনিংসে একটি করে উইকেটের সন্ধান পান। খেলায় তিনি ১/৫৯ ও ১/৩০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ৭ রান সংগ্রহ করেছিলেন। ৮ উইকেটে জয় পেলে স্বাগতিকরা ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
১৯৩২-৩৩ মৌসুমে ট্রান্সভালের পক্ষে নিয়মিতভাবে খেলতে থাকেন। ঐ মৌসুমেই প্রথম-শ্রেণীর ক্রিকেটে ব্যক্তিগত সেরা বোলিং করেন। ট্রান্সভালের সদস্যরূপে বাদ-বাকী দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে ৬/৩০ পান। কিন্তু, পরবর্তী তিন মৌসুম ঘরোয়া ক্রিকেটে অংশ নেননি। ফলশ্রুতিতে, ১৯৩৫ সালে ইংল্যান্ড গমনার্থে তাঁকে দলে রাখা হয়নি।
তবে, ১৯৩৫ ও ১৯৩৬ সালে ল্যাঙ্কাশায়ার লীগে চার্চের পক্ষে পেশাদারী পর্যায়ে খেলেন। ১৯৩৬-৩৭ মৌসুমে দক্ষিণ আফ্রিকায় ফিরে আসেন। ঐ মৌসুমসহ ১৯৪৫-৪৬ মৌসুমে ট্রান্সভাল, ১৯৩৭ থেকে ১৯৪০ সালে নর্থ ইস্টার্ন ট্রান্সভাল এবং ১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত রোডেশিয়ার পক্ষে খেলেন। নিয়মিতভাবে উইকেট পেতে থাকেন। লীগ ক্রিকেটে থাকাকালে তাঁর ব্যাটিংয়ের উত্তরণ ঘটতে থাকলেও আর তাঁকে কোন প্রতিনিধিত্বমূলক খেলায় রাখা হয়নি।
সবগুলো প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ১৬.৯১ গড়ে রান পেয়েছেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৭৫ রান সংগ্রহ করেন। বল হাতে নিয়ে ২৪.৭৭ গড়ে ১৪৭ উইকেট দখল করেন। ইনিংসে দশবার পাঁচ-উইকেট ও খেলায় দুইবার দশ উইকেট লাভ করেছেন।
ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর রোডেশিয়া হেরাল্ডে ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করতেন। ১ সেপ্টেম্বর, ১৯৮৩ তারিখে নাটালের ডারবানে ৭২ বছর ২৮১ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
