১৬ অক্টোবর, ১৯৯৮ তারিখে করাচীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। লেগ-ব্রেক গুগলি বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। ২০২০-এর দশক থেকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছেন।
২০২০-২১ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে সিন্ধুর প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ইসলামাবাদ ইউনাইটেড, করাচী কিংস ও পেশাওয়ার জালমি’র পক্ষে খেলেছেন। ২০ নভেম্বর, ২০২০ তারিখে করাচীতে অনুষ্ঠিত সিন্ধু বনাম সাউদার্ন পাঞ্জাবের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
২০২২ সাল থেকে পাকিস্তানের পক্ষে টেস্ট ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২০২২-২৩ মৌসুমে নিজ দেশে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ৯ ডিসেম্বর, ২০২২ তারিখে মুলতানে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। প্রথম ইনিংসে ৭/১১৪ ও ৪/১২০ তুলে অভিষেক পর্বকে স্মরণীয় করে রাখেন। তাসত্ত্বেও হ্যারি ব্রুকের অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে সফরকারীরা ২৬ রানে জয়লাভ করে ও তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
২০২৩ সালে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সদস্যরূপে শ্রীলঙ্কা সফরে যান। ২৪ জুলাই, ২০২৩ তারিখে কলম্বোয় অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হন। ৪/৬৯ ও ০/৩৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, আব্দুল্লাহ শফিকের দ্বি-শতকের কল্যাণে সফরকারীরা ইনিংস ও ২২২ রানে জয় পেয়ে ২-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
২০২৪-২৫ মৌসুমে নিজ দেশে অলি পোপের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ৭ অক্টোবর, ২০২৪ তারিখে মুলতানে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাটিংয়ে নেমে ৩ রান সংগ্রহ করেছিলেন। তবে, দ্বিতীয় ইনিংসে আঘাতের কারণে মাঠে নামতে পারেননি। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১৭৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। হ্যারি ব্রুকের অসাধারণ ত্রি-শতকের কল্যাণে সফরকারীরা ইনিংস ও ৪৭ রানে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
২০২৪-২৫ মৌসুমে নিজ দেশে ক্রেগ ব্রাদওয়েটের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ২৫ জানুয়ারি, ২০২৫ তারিখে মুলতানে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১/২৪ ও ১/৪৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ২ ও ০* রান সংগ্রহ করেছিলেন। তবে, জোমেল ওয়ারিকানের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে সফরকারীরা ১২০ রানে জয় পেলে সিরিজটি অমিমাংসিত অবস্থায় শেষ করতে সক্ষম হয়।
