|

আমির জামাল

৫ জুলাই, ১৯৯৬ তারিখে মিয়াঁনওয়ালিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করে থাকেন। পাকিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছেন।

২০১৮-১৯ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে পাকিস্তান টেলিভিশন, নর্দার্ন, লাহোর হোয়াইটস ও ইংরেজ কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, বি-লাভ ক্যান্ডি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, পেশাওয়ার জালমি ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন। ১ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে মুলতানে অনুষ্ঠিত পাকিস্তান টেলিভিশন বনাম মুলতানের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।

২০২২-২৩ মৌসুম থেকে পাকিস্তানের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২০২৩-২৪ মৌসুমে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। ১৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে পার্থে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। খুররম শাহজাদের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ টেস্টে ৬/১১১ ও ১/২৮ লাভ করেন। এছাড়াও, ব্যাট হাতে ১০ ও ০ রান সংগ্রহ করেছিলেন। তবে, মিচেল মার্শের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্যে ঐ খেলায় তাঁর দল ৩৬০ রানে পরাজয়বরণ করলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।

একই সফরের ৩ জানুয়ারি, ২০২৪ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। এ টেস্টে অপূর্ব অল-রাউন্ড ক্রীড়াশৈলী প্রদর্শনে অগ্রসর হন। খেলায় তিনি ৮২ ও ১৬ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৬/৬৯ ও ০/২২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাসত্ত্বেও, ঐ টেস্টে তাঁর দল আট উইকেটে পরাজয়বরণ করলে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের শিকার হয়। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। সিরিজের প্রত্যেক টেস্টেই তাঁর অংশগ্রহণ ছিল। ২৮.৬০ গড়ে ১৪৩ রান ও ২০.৪৪ গড়ে ১৮ উইকেট দখল করেন।

২০২৪-২৫ মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২৮ ও ১৮ রান সংগ্রহ করেন। এছাড়াও, ২/৩৬ ও ০/১১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এইডেন মার্করামের অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে সফরকারীরা ২ উইকেটে পরাজিত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।

সম্পৃক্ত পোস্ট