৯ সেপ্টেম্বর, ১৯৬৩ তারিখে ল্যাঙ্কাশায়ারের ওয়ারিংটন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে খেলতেন। বামহাতে ব্যাটিং করতেন। পাশাপাশি বামহাতে মিডিয়াম বোলিং করতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
১৯৯০-এর দশকে ইংল্যান্ডের ওডিআই দলের অন্যতম অনুষঙ্গ ছিলেন। একদিনের খেলায় বেশ ভালো করলেও টেস্টে তা একেবারেই অনুপস্থিত ছিল। বিখ্যাত অস্ট্রেলীয় তারকা ব্যাটসম্যান নীল হার্ভে’র নামানুসরণে তাঁর মাতা নীল ফেয়ারব্রাদার রেখেছিলেন। ১২ বছরের অধিক সময় ইংল্যান্ডের পক্ষে খেললেও প্রায় সবটুকুই একদিনের খেলাকে ঘিরে পরিচালিত হয়েছিল। নিজস্ব ১৭তম জন্মদিনের আট দিন পূর্বে ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় একাদশের পক্ষে তাঁর অভিষেক ঘটে। পরবর্তী দুই বছর বেশ কয়েকটি বয়সভিত্তিক দলের সদস্যরূপে খেলা চলমান রাখেন। তন্মধ্যে, ন্যাশনাল ইয়ং ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে বিভিন্ন দেশের যুব দলের বিপক্ষে খেলেছেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ার ও দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ট্রান্সভাল দলের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রেখেছেন। ১৯৮২ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা শুরু করলেও ১৯৮৩ সাল থেকে ল্যাঙ্কাশায়ার দলের পক্ষে রান সংগ্রহ তৎপরতা দেখাতে সচেষ্ট হন। ওয়ারউইকশায়ারের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৯৪ রান তুলেন। পরের মৌসুমে ডার্বিশায়ারের বিপক্ষে নিজস্ব প্রথম শতরানের সন্ধান পান। তাসত্ত্বেও তাঁর দল পরাজিত হয়।
১৯৮৫ ও ১৯৮৬ সালে নিজের অবস্থার আমূল পরিবর্তন করেন। ল্যাঙ্কাশায়ারের প্রধান চালিকাশক্তিতে পরিণত হন। তিনবার শতক হাঁকান। ১৯৮৬ মৌসুম শেষে তিন শতক ও আটটি অর্ধ-শতক সহযোগে ৪৮.৬৮ গড়ে ১২১৭ রান সংগ্রহ করেন। পাশাপাশি লিস্ট-এ খেলাগুলো থেকে চারটি অর্ধ-শতক হাঁকিয়েছিলেন। এরফলে, শারজা কাপ খেলার উদ্দেশ্যে তাঁকে ইংরেজ দলে ঠাঁই দেয়া হয়।
১৯৮৭ থেকে ১৯৯৯ সময়কালে ইংল্যান্ডের পক্ষে সর্বমোট ১০ টেস্ট ও ৭৫টি ওডিআইয়ে অংশ নিয়েছেন। অংশগ্রহণকৃত ওডিআইগুলো থেকে ৩৯.৪৭ গড়ে এক শতক সহযোগে ২০৯২ রান পেয়েছিলেন। ২ এপ্রিল, ১৯৮৭ তারিখে শারজায় ভারতের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট জীবনে প্রবেশ করেন। ঐ খেলায় তিনি মাত্র ১৪ রান করতে সমর্থ হন। ঐ প্রতিযোগিতার তিন খেলায় অংশ নেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩২ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন।
একই বছরে নিজ দেশে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। ৪ জুন, ১৯৮৭ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। তবে, তাঁর অভিষেক পর্বটি মোটেই সুবিধের হয়নি। দলের একমাত্র ইনিংসে চার বল মোকাবেলা করে মোহসিন কামালের বলে লেগ-বিফোরের ফাঁদে পড়ে তাঁকে শূন্য রানে বিদেয় নিতে হয়। কোন বলই আটকাননি। ঐ দিন পর্যন্ত তিনি রিভার্স-সুইং কি জিনিস তা জানতেন না বলে অলআউটক্রিকেটে এক স্বাক্ষাৎকারে জানিয়েছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। বৃষ্টিবিঘ্নিত খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
১৯৮৭-৮৮ মৌসুমে মাইক গ্যাটিংয়ের নেতৃত্বাধীন ইংরেজ দলের সদস্যরূপে প্রথমবারের মতো নিউজিল্যান্ড সফরে যান। ২৫ ফেব্রুয়ারি, ১৯৮৮ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ড দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ১ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ০/৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। জন রাইটের অনবদ্য ব্যাটিং দৃঢ়তায় খেলাটি ড্রয়ে পরিণত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
১৯৯২-৯৩ মৌসুমে গ্রাহাম গুচের নেতৃত্বাধীন ইংরেজ দলের সাথে ভারত সফরে যান। ২৯ জানুয়ারি, ১৯৯৩ তারিখে কলকাতায় অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাটিংয়ে নেমে ১৭ ও ২৫ রান সংগ্রহ করে উভয় ইনিংসে অনিল কুম্বলে’র বলে বিদেয় নিয়েছিলেন। প্রতিপক্ষীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দীনের অসামান্য ব্যাটিংয়ের কল্যাণে সফরকারীরা ৮ উইকেটে পরাজয়বরণ করলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
একই মৌসুমে অ্যালেক স্টুয়ার্টের নেতৃত্বাধীন ইংরেজ দলের সাথে শ্রীলঙ্কা গমন করেন। ১৩ মার্চ, ১৯৯৩ তারিখে কলম্বোর এসএসসিতে অনুষ্ঠিত স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাটিংয়ে নেমে ১৮ ও ৩ রান সংগ্রহ করেন। ঐ টেস্টে স্বাগতিক দল হাসান তিলকরত্নে’র অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে ৫ উইকেটে বিজয়ী হয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
২০০২ সাল শেষে ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণ করেন। এরপর, তিনি খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে কাজ করেন।
