২৩ জানুয়ারি, ১৯৪২ তারিখে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ওয়েস্ট পার্থ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ১৯৬১-৬২ মৌসুম থেকে ১৯৬৯-৭০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনে সরব ছিলেন।
১৯৬৫ থেকে ১৯৭০ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার পক্ষে ছয়টিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। তাঁর ব্যাগি গ্রীন ক্যাপ লাভের সংবাদ শুনে সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক ও তৎকালীন ক্রিকেট প্রতিবেদক রিচি বেনো ফোনে জানিয়েছিলেন যে, ওয়েস্টোনিয়া থেকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ যেতে বহু পথ পাড়ি দিতে হবে। তবে, খুব শীঘ্রই তিনি উপলদ্ধি করেন যে, প্রত্যাশার তুলনায় দলের শক্তিমত্তা তেমন ছিল না।
১৯৬৪-৬৫ মৌসুমে বব সিম্পসনের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। ৩ মার্চ, ১৯৬৫ তারিখে কিংস্টনে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। গ্রাহাম থমাস ও পিটার ফিলপটের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৯ ও ১১* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৪/৪৩ ও ৪/৫৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ১৭৯ রানে পরাভূত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে সফরকারীরা পিছিয়ে পড়ে।
১৯৬৯-৭০ মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে বিল লরি’র নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ১৯ ফেব্রুয়ারি, ১৯৭০ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত স্বাগতিক স্প্রিংবকের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি ০ ও ২ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৮৩ ও ২/৭৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ৩০৭ রানে পরাভূত হলে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
একই সফরের ৫ মার্চ, ১৯৭০ তারিখে জিকিবার্হায় অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সন্ধান পান। প্রথম ইনিংসে ১৩ রানে পৌঁছানোকালে টেস্টে পূর্বেকার সর্বোচ্চ রানের সমকক্ষ হন। ব্যাট হাতে নিয়ে ১৩ ও ১২ রান সংগ্রহ করে উভয় ইনিংসে মাইক প্রোক্টরের বলে বিদেয় নেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৭১ ও ৩/৮৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করানোসহ একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। সফরকারীরা ৩২৩ রানে পরাজিত হলে ৪-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
