২০ মার্চ, ২০০৬ তারিখে পাকতিয়ায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। এছাড়াও, ডানহাতে ব্যাটিং করে থাকেন। আফগানিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
২০২৪-২৫ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের ক্রিকেটে কলম্বো স্ট্রাইকার্স, কলকাতা নাইট রাইডার্স, মিস আইনাক নাইটস, জুনিয়র চ্যাম্পিয়ন্স, বন্দ-ই-আমির ড্রাগন্স, আবুধাবি নাইট রাইডার্স, এমআই এমিরেটস, রংপুর রাইডার্স, টিম আবুধাবি, আফগানিস্তান ‘এ’, আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন।
২০২৪ সাল থেকে আফগানিস্তানের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২০২৪-২৫ মৌসুমে হাশমতউল্লাহ শাহীদি’র নেতৃত্বাধীন আফগান দলের সদস্যরূপে জিম্বাবুয়ে গমন করেন। ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। সাদিকুল্লাহ আতাল ও আজমতউল্লাহ ওমরজাইয়ের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ৩/১২৭ ও ১/৩৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, দলের একমাত্র ইনিংসে ৬ রান সংগ্রহ করেন। তবে, দলীয় অধিনায়কের অসাধারণ দ্বি-শতকের কল্যাণে খেলাটি ড্রয়ে পরিণত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে। স্মর্তব্য যে, এটিই তাঁর প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথম অংশগ্রহণ ছিল। টেস্ট অভিষেকের পূর্বেই অবশ্য ৭ মার্চ, ২০২৪ তারিখে শারজায় আয়ারল্যান্ডের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন।
পিঠের আঘাতের কবলে পড়লে চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএল থেকে বাদ পড়েন। আফগানিস্তান ক্রিকেটে বোর্ড ১২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে নঙ্গেয়ালিয়া খারোটিকে তাঁর পরিবর্তে দলে নেয়া হয়। আইপিএলের ২০২৫ সালের আসরে মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে খেলেছেন। তবে, পিঠের আঘাতে পর্যুদস্ত হলে ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে মুজিব উর রহমানকে চার বছর পর আইপিএলে তাঁর স্থলাভিষিক্ত হন।
২৭ জানুয়ারি, ২০২৫ তারিখে ইএসপিএনক্রিকইনফো’র ২০২৪ সালের সেরা সাতজন পুরুষ তরুণ অভিষেকধারীর পুরস্কারের জন্যে মনোনীত সংক্ষিপ্ত তালিকায় ধ্রুব জুরেল, জ্যাকব বেথেল, নাহিদ রানা, নীতিশ কুমার রেড্ডি, অটনিল বার্টম্যান ও শামার যোসেফের সাথে তাঁকে রাখা হয়।
