|

সাদিকুল্লাহ আতাল

১২ আগস্ট, ২০০১ তারিখে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। বামহাতে ব্যাটিং করেন। আফগানিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছেন।

২০২১-২২ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আফগান ক্রিকেটে বন্দ-ই-আমির রিজিওন, অ্যামো রিজিওন ও পামির লিজেন্ডস দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, হিন্দুকুশ স্ট্রাইকার্স, মাইওয়ান্দ ডিফেন্ডার্স, বন্দ-ই-আমির ড্রাগন্স, মিস আইনাক নাইটস, কাবুল ঈগলস, এমআই কেপটাউন, আফগানিস্তান ‘এ’ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন। ৮ নভেম্বর, ২০২১ তারিখে কান্দাহারে অনুষ্ঠিত বুস্ট বনাম বন্দ-রিজিওনের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।

২০২৩ সাল থেকে আফগানিস্তানের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২০২৪-২৫ মৌসুমে হাশমতউল্লাহ শাহীদি’র নেতৃত্বাধীন আফগান দলের সদস্যরূপে জিম্বাবুয়ে গমন করেন। ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। আজমতউল্লাহ ওমরজাই ও আল্লাহ গজনফরের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৩ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। তবে, দলীয় অধিনায়কের অসাধারণ দ্বি-শতকের কল্যাণে খেলাটি ড্রয়ে পরিণত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে। তার পূর্বেই অবশ্য ২৭ মার্চ, ২০২৩ তারিখে শারজায় পাকিস্তানের বিপক্ষে টি২০আইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন।

২০২৬ সালে হাশমতউল্লাহ শাহীদি’র নেতৃত্বাধীন আফগান দলের সদস্যরূপে ভারত গমন করেন। ৬ জুন, ২০২৬ তারিখে নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৭ ও ৪২ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা অভিষেক ঘটা মানব সুতারের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে ইনিংস ও ৩০০ রানে জয়লাভ করে।

সম্পৃক্ত পোস্ট