১৬ জানুয়ারি, ২০০৩ তারিখে করাচীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলছেন। বামহাতে ব্যাটিং করেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন।
২০২৪-২৫ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরে প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে রাওয়ালপিন্ডিজ ও করাচী রিজিওন ব্লুজ দলের প্রতিনিধিত্ব করছেন। ২৬ অক্টোবর, ২০২৪ তারিখে শেখুপুরায় অনুষ্ঠিত করাচী রিজিওন ব্লুজ বনাম কোয়েটার মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূচনা ঘটান।
২০২৬ সাল থেকে পাকিস্তানের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন। ঐ বছর শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সদস্যরূপে বাংলাদেশ সফরে যান। ৮ মে, ২০২৬ তারিখে মিরপুরে অনুষ্ঠিত স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। আযান আওয়াইসের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। আযান আওয়াইজ শতক হাঁকিয়ে অভিষেক খেলাকে স্মরণীয় করে রাখলেও তিনিও কম যাননি। ৬০ ও ৬৬ রান সংগ্রহ করেছিলেন। তবে, প্রতিপক্ষীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ১০৪ রানে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
এরপর, একই সফরের ১৬ মে, ২০২৬ তারিখে সিলেটে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৯ ও ৬ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেন। তবে, লিটন দাসের অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের কল্যাণে সফরকারীরা ৭৮ রানে পরাভূত হলে ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
