১১ জুন, ১৯৫১ তারিখে বার্বাডোসের ফেয়ারভিউ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে বার্বাডোস এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগন ও ওরচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নাটালের পক্ষে খেলেছেন। ১৯৭২-৭৩ মৌসুম থেকে ১৯৮৬-৮৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ১৯৭৭ সালে গ্ল্যামারগনের পক্ষে খেলে প্রথম-শ্রেণীর ক্রিকেট ও লিস্ট-এ ক্রিকেটে ১২০০ রানের অধিক সংগ্রহ করেন। এ পর্যায়ে গ্ল্যামারগন দলকে চূড়ান্ত খেলায় নিয়ে যান। তবে, লর্ডসে দলকে শিরোপা এনে দিতে পারেননি।
১৯৭৬ থেকে ১৯৮০ সাল পর্যন্ত সময়কালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে নয়টিমাত্র টেস্ট ও ১৮টি ওডিআইয়ে অংশ নিয়েছেন। ১৯৭৬ সালে ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সাথে ইংল্যান্ড গমন করেন। ৮ জুলাই, ১৯৭৬ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। একই সফরের ২৬ আগস্ট, ১৯৭৬ তারিখে স্কারবোরায় ওডিআইয়ে প্রথমবারের মতো অংশ নেন। খেলায় সফরকারীরা ৪২৫ রানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৩২ ও ১৪* রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন।
ইংল্যান্ডে অনুষ্ঠিত ১৯৭৯ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় আসরের চূড়ান্ত খেলায় স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দারুণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে নিজেকে স্মরণীয় করে রাখেন। ৬৬ বল মোকাবেলায় ১০ চার ও ৩ ছক্কা সহযোগে ৮৬ রান তুলে দলের বিপর্যয় রোধ করেন। দলের সংগ্রহ ৯৯/৪ থাকাকালে ছয় নম্বর অবস্থানে থেকে এ সাফল্য পান। ভবিষ্যতের গ্ল্যামারগন তারকা ভিভ রিচার্ডসের (১৩৮*) সাথে পঞ্চম উইকেটে ১৩৯ রানের জুটি গড়ে দলের উপর্যুপরী দ্বিতীয় শিরোপা বিজয়ে দূর্দান্ত ভূমিকা রাখেন। এছাড়াও, খেলায় একটি ক্যাচসহ তিন ওভারে ১৩ রান খরচ করেছিলেন।
১৯৭৯-৮০ মৌসুমে ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে প্রথমবারের মতো নিউজিল্যান্ড গমন করেন। ৮ ফেব্রুয়ারি, ১৯৮০ তারিখে ডুনেডিনে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৪ ও ৪১ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ১ উইকেটে নাটকীয়ভাবে পরাভূত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে। এ সফরে অপরাজিত ১০০ রানের একমাত্র শতক হাঁকিয়েছিলেন।
এরপর, ২২ ফেব্রুয়ারি, ১৯৮০ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। কয়েকবার ব্যক্তিগত সাফল্যের ছাঁপ রাখেন। দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে পৌঁছানোকালে পূর্বতন সর্বোচ্চ রান অতিক্রম করেন। এ পর্যায়ে টেস্টে নিজস্ব প্রথম শতক হাঁকান। খেলায় তিনি ০ ও ১০০* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৭০ বোলিং বিশ্লেষণ দাঁড় করানোসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, আম্পায়ার ফ্রেড গুডলের সাথে তাঁর মতবিরোধের কারণে টেস্টটি সংবাদ শিরোনামে পরিণত হয়। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে সফরকারীরা পিছিয়ে পড়ে।
১৯৮০ সালে ভিভ রিচার্ডসের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ৭ আগস্ট, ১৯৮০ তারিখে লিডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ১২ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৩২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও সফরকারীরা ১-০ ব্যবধানে সিরিজে জয়লাভ করে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। একই সফরের ৩০ মে, ১৯৮০ তারিখে লর্ডসে সর্বশেষ ওডিআইয়ে অংশ নেন।
টেস্টগুলো থেকে ৩২.১৫ গড়ে ৪১৮ রান ও ৯৪ গড়ে ৩ উইকেট দখল করেছিলেন। সব মিলিয়ে ১২৫টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ১৪ শতক সহযোগে ৩৮.২৪ গড়ে ৬৭৭০ রান ও বল হাতে নিয়ে ৩৪.২১ গড়ে ১২৮ উইকেট পেয়েছিলেন। ব্যক্তিগত সেরা ৫/৯১ লাভ করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের অন্যতম কার্যকর অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ১৯৮২-৮৩ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিদ্রোহী দলের সদস্যরূপে তৎকালীন নিষিদ্ধঘোষিত দক্ষিণ আফ্রিকা সফরে যান। এরফলে কার্যতঃ তাঁর খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটে। পরবর্তীতে, কারি কাপে নাটালের পক্ষে কয়েক মৌসুম খেলে অবসর গ্রহণ করেন।
ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর ইংল্যান্ড বসবাস করতে থাকেন। সেখানে তিনি কোচের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।
