২০ মার্চ, ১৮৮৫ তারিখে ভিক্টোরিয়ার সাউথ ইয়ারা এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতে পারতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
হেনরি ফাওলার র্যান্সফোর্ড ও লিডিয়া দম্পতির সন্তান ছিলেন। হথর্ন কলেজে অধ্যয়ন করেন। ইংরেজ পেশাদার ক্রিকেটার হ্যারি কার্পেন্টারের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।
১৯০৩-০৪ মৌসুম থেকে ১৯২৭-২৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ফেব্রুয়ারি, ১৯০৪ সালে ভিক্টোরিয়া দলের পক্ষে প্রথম খেলেন। ইংরেজ দলটির বিপক্ষে তিনি ১৫ রান তুলে বিদেয় নিয়েছিলেন। পরবর্তী মৌসুমে কুইন্সল্যান্ডের বিপক্ষে ১৫২ রানের ইনিংস খেলেন। ভিক্টোরিয়ার পক্ষে সংগৃহীত তেরোটি শতকের এটি প্রথম ছিল। চারবার রাজ্য দলটির ব্যাটিং গড়ে শীর্ষে ছিলেন। ভিক্টোরিয়া দলের সাথে নিউজিল্যান্ড সফরে যান।
১৯০৭ থেকে ১৯১২ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বমোট ২০ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯০৭-০৮ মৌসুমে নিজ দেশে ফ্রেডরিক ফেনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১৩ ডিসেম্বর, ১৯০৭ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। চার্লি ম্যাকার্টনি, জেরি হ্যাজলিট ও স্যামি কার্টারের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ২৪ ও ১৩ রান সংগ্রহ করেছিলেন। সফরকারীরা ২ উইকেটে পরাজয়বরণ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টে ব্যক্তিগত সেরা ৫১ ও ৫৪ রানের ইনিংস খেলেছিলেন। স্বাগতিকরা ৩০৮ রানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। পরবর্তী গ্রীষ্মে সিডনিতে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে উভয় ইনিংসে শতরানের ইনিংস উপহার দিয়েছিলেন।
এরপর, ২১ ফেব্রুয়ারি, ১৯০৮ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ১১ ও ২১* রান সংগ্রহ করেছিলেন। ৪৯ রানে জয়লাভ করে স্বাগতিকরা ৪-১ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
১৯০৯ সালে মন্টি নোবেলের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। অত্যন্ত ভেজা গ্রীষ্মে স্বর্ণালী সময় অতিবাহিত করেন। লর্ডসে ১৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন। এ শতকের কল্যাণে লর্ডস অনার্স বোর্ডে নিজেকে ঠাঁই করে নেন। ঐ বছরে একই মাঠে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ১৯০ রান তুলেন।
১ জুলাই, ১৯০৯ তারিখে লিডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৪৫ ও ২৪ রান সংগ্রহ করেছিলেন। ১২৬ রানে জয়লাভ করলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
এরপর, ২৬ জুলাই, ১৯০৯ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলায় তিনি ব্যাটিংয়ে নেমে ৪ ও ৫৪* রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে।
এ সফরে সবগুলো প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে কেবলমাত্র ওয়ারেন বার্ডসলি’র তুলনায় কম সফল ছিলেন। ৫৮.৮৩ গড়ে ৩৫৩ রান তুলে টেস্টে গড়ের দিক দিয়ে শীর্ষে ছিলেন।
১৯১০-১১ মৌসুমে নিজ দেশে পার্সি শারওয়েলের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। এ সিরিজে চারটি অর্ধ-শতক হাঁকান। এছাড়াও, ১৫০ রান খরচায় জে. ডব্লিউ. জাল্কের একমাত্র টেস্ট উইকেট পান। ৭ জানুয়ারি, ১৯১১ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৫০ ও ০ রান সংগ্রহ করেন। ৩৮ রানে জয় পেলেও সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে।
এরপর, ১৭ ফেব্রুয়ারি, ১৯১১ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। ব্যাট হাতে নিয়ে ৭৫ ও ৯৫ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ৫৩০ রানের বিশাল ব্যবধানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়।
১৯১১-১২ মৌসুমে নিজ দেশে জনি ডগলাসের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১৫ ডিসেম্বর, ১৯১১ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্ট খেলতে নামেন। খেলায় তিনি ২৬ ও ৩৪ রান সংগ্রহ করে উভয় ইনিংসে সিডনি বার্নসের শিকারে পরিণত হয়েছিলেন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ১৪৬ রানে জয়লাভ করলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ২৩ ফেব্রুয়ারি, ১৯১২ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ২৯ ও ৯ রান সংগ্রহসহ তিনটি ক্যাচ তালুবন্দী করেন। স্বাগতিকরা ৭০ রানে পরাজয়বরণ করলে ৪-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
১৯১২ সালে ইংল্যান্ড গমনার্থে তাঁকে দলে রাখা হয়। কিন্তু, ব্যবস্থাপক হিসেবে ফ্রাঙ্ক লেভারের দায়িত্ব পালনের প্রশ্নে অনঢ় থেকে ওয়ারউইক আর্মস্ট্রং, আলবার্ট কটার, ক্লিমেন্ট হিল, ভিক্টর ট্রাম্পার ও এইচ. কার্টারের সাথে নাম প্রত্যাহার করে নেন। এর পরিবর্তে বেসবলে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেন। এছাড়াও, ১৯১৩-১৪ মৌসুমে আর্থার সিমসের অধিনায়কত্বে অস্ট্রেলীয় একাদশের সদস্যরূপে নিউজিল্যান্ড গমন করেন।
১৯৫৪ সালে ওবিই পদবী লাভ করেন। ১৮৮৫ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর প্রশাসনের দিকে ঝুঁকে পড়েন। নিজের ৭৩তম জন্মদিন উদযাপনের পূর্বদিন ১৯ মার্চ, ১৯৫৮ তারিখে ভিক্টোরিয়ার ব্রাইটন এলাকায় ৭২ বছর ৩৬৪ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
