১ আগস্ট, ২০০০ তারিখে কলম্বোয় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
কলম্বোভিত্তিক স্টে বেনেডিক্টস কলেজে অধ্যয়ন করেছেন। ২০১৮-১৯ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে কোল্টস ক্রিকেট ক্লাব ও শ্রীলঙ্কা আর্মির প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, চেন্নাই সুপার কিংস, জাফনা কিংস ও নর্দার্ন ওয়ারিয়র্সের পক্ষে খেলেছেন। ৭ ডিসেম্বর, ২০১৮ তারিখে কলম্বোয় অনুষ্ঠিত কোল্টস বনাম কলম্বো সিসি’র মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
২০২১ সাল থেকে শ্রীলঙ্কার পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২০২১-২২ মৌসুমে নিজ দেশে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হন। ৭ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কলম্বোর আরপিএসে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। একই সফরের ১০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কলম্বোর আরপিএসে প্রথমবারের মতো টি২০আইয়ে অংশ নেন।
২০২২ সালে নিজ দেশে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ৩০ বছর বয়সে ৮ জুলাই, ২০২২ তারিখে গলেতে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। প্রভাত জয়সুরিয়া ও কামিন্ডু মেন্ডিসের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ১/৪৮ ও ২/২৮ নিয়ে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে শ্রীলঙ্কা দলকে সমতায় আনতে সহায়তা করেন। এছাড়াও, ১০ রান সংগ্রহ করেছিলেন। তবে, অপর অভিষেকধারী প্রভাত জয়সুরিয়া’র মারাত্মক বোলিংয়ে অস্ট্রেলিয়া দল ইনিংস ও ৩৯ রানে পরাজিত হয়।
একই বছর নিজ দেশে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। ১৬ জুলাই, ২০২২ তারিখে গলেতে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ৩৮ ও ১১ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ২/৬৮ ও ০/৪৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করানোসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, আব্দুল্লাহ শফিকের অসাধারণ শতকের কল্যাণে স্বাগতিকরা ৪ উইকেটে পরাজিত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
