২৯ আগস্ট, ১৯৯৮ তারিখে ডাবলিনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। লেগ-ব্রেক বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। আয়ারল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
দীর্ঘকায় গড়নের অধিকারী। দ্রুততার সাথে ও অনেকাংশে নিচুতে বল ফেলে বোলিং কর্মে অগ্রসর হন। ২০২৩ সাল থেকে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিচ্ছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আইরিশ ক্রিকেটে নর্দার্ন নাইটসের প্রতিনিধিত্ব করেছেন।
২০২১ সাল থেকে আয়ারল্যান্ডের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২৪ জুলাই, ২০২১ তারিখে বেলফাস্টে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০আইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। পরবর্তীতে, ঐ বছরের শেষদিকে টি২০ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় তাঁকে দলে রাখা হয়।
২০২২-২৩ মৌসুমে অ্যান্ডি বালবির্নি’র অধিনায়কত্বে সিরিজের একমাত্র টেস্ট খেলতে দলের সাথে বাংলাদেশ গমন করেন। ৪ এপ্রিল, ২০২৩ তারিখে মিরপুরে অনুষ্ঠিত স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে কার্টিস ক্যাম্ফার, গ্রাহাম হিউম, হ্যারি টেক্টর, লরক্যান টাকার ও মারে কামিন্সের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। এ খেলার মাধ্যমেই প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। ব্যাটিংয়ে নেমে উভয় ইনিংসেই শূন্য রানে অপরাজিত অবস্থায় মাঠ ছেড়েছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/৭১ ও ১/৪৩ লাভ করেন। ঐ খেলায় স্বাগতিক দল ৭ উইকেটে জয়লাভ করেছিল।
২০২৩ সালে অ্যান্ডি বালবির্নি’র নেতৃত্বাধীন আইরিশ দলের সাথে শ্রীলঙ্কা গমন করেন। ১৬ এপ্রিল, ২০২৩ তারিখে গলেতে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজের প্রথমটিতে ০* ও ১ রান তুলেন। এছাড়াও বল হাতে নিয়ে ১/১১৯ লাভ করেন। এ খেলায়ও স্বাগতিকরা ইনিংস ও ২৮০ রানের বিশাল ব্যবধান জয় তুলে নেয়। এরপর, ২৪ এপ্রিল, ২০২৩ তারিখে একই মাঠে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ০/২০৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ০* ও ০ রান সংগ্রহ করেছিলেন। প্রভাত জয়সুরিয়া’র সুন্দর বোলিংয়ের দাপটে সফরকারীরা ইনিংস ও ১০ রানে পরাভূত হলে ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
