১৬ ডিসেম্বর, ১৯০৭ তারিখে ট্রান্সভালের বেনোনিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৩০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
১৯২৮-২৯ মৌসুম থেকে ১৯৪৫-৪৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ট্রান্সভালের প্রতিনিধিত্ব করেছেন। ১৯২৮-২৯ মৌসুমে ইংল্যান্ড গমনার্থে যাচাই-বাছাইয়ের খেলায় অংশ নেন। প্রথম ইনিংসে ব্যর্থতার পরিচয় দিলেও দ্বিতীয় ইনিংসে ৯২ রান তুলেছিলেন। এ পর্যায়ে রক্ষণাত্মক কৌশল গ্রহণের পাশাপাশি দ্রুততার সাথে ফিল্ডিংয়ে দক্ষতার অপূর্ব নিদর্শন গড়েন।
১৯২৯-৩০ মৌসুমে নাটালের বিপক্ষে ৯৯, গ্রিকুয়াল্যান্ডের বিপক্ষে ১০৮ ও অরেঞ্জ ফ্রি স্টেটের বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলার পর ফ্রি স্টেটের বিপক্ষে এ. ল্যাঞ্জব্রিঙ্ককে সাথে নিয়ে প্রথম উইকেটে ২০৪ রানের জুটি গড়েন। পরের মৌসুমে দক্ষিণ আফ্রিকা দলের সদস্যরূপে মনোনীত হন।
১৯৩০ থেকে ১৯৩২ সাল পর্যন্ত সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে সাতটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৩০-৩১ মৌসুমে নিজ দেশে পার্সি চ্যাপম্যানের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ২৪ ডিসেম্বর, ১৯৩০ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। বব নিউসন, কেন বিলজোয়েন ও জেন বালাস্কাসের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ১৩ ও ৮ রানসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। স্বাগতিকরা ২৮ রানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। এছাড়াও, ১৯০৯-১০ মৌসুমের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ে সমর্থ হয় দক্ষিণ আফ্রিকা দল। তবে, নিউল্যান্ডসে অনুষ্ঠিত পরবর্তী টেস্টে তাঁকে বাদ দেয়া হয়।
সিরিজের শেষ দুই টেস্টে অংশগ্রহণের জন্যে তাঁকে পুণরায় দলে ফিরিয়ে আনা হয়। তাঁর অপরাপর চার টেস্ট ১৯৩১-৩২ মৌসুমে জক ক্যামেরনের নেতৃত্বাধীন স্প্রিংবক দলের অস্ট্রেলিয়া সফরে সম্পন্ন হয়। মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৭ রান সংগ্রহ করেছিলেন। দলগুলো সেখানে পুণরায় চূড়ান্ত টেস্টে অংশ নেয়। ১২ ফেব্রুয়ারি, ১৯৩২ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। দ্বিতীয় ইনিংসে তাঁর সংগৃহীত ১৬ রান দক্ষিণ আফ্রিকার একমাত্র দুই অঙ্কের সংগ্রহে পরিণত হয়। এছাড়াও, প্রথম ইনিংসে ৩ রান সংগ্রহসহ খেলায় তিনি তিনটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা দল ৩৬ ও দ্বিতীয় ইনিংসে ৪৫ রান তুললে পুরো খেলাটি ৫ ঘণ্টা ৫৩ মিনিটে মাত্র ২৩৪ রানে ঠেকে। ইনিংস ও ৭২ রানে জয় পেলে স্বাগতিকরা ৫-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
অংশগ্রহণকৃত টেস্টের চৌদ্দ ইনিংসের মধ্যে একটি বাদে সবকটিতেই উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছিলেন। সব মিলিয়ে মাত্র ১৬৮ রান সংগ্রহ করতে পেরেছিলেন। তবে, বাস্তবিক অর্থে তাঁর এ ধরনের রেকর্ড বেশ বেমানান ছিল। কেননা, প্রথম-শ্রেণীর ক্রিকেটে তিনি ৪২.০৮ গড়ে ৩৪০৯ রান তুলেছিলেন।
২৮ জুলাই, ১৯৮৬ তারিখে অস্ট্রেলিয়ার পার্থে ৭৮ বছর ২২৪ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
