১৪ আগস্ট, ১৯৪১ তারিখে মানাওয়াতুর পাহিয়াতুয়া এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ১৯৬০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
১৯৬১-৬২ মৌসুম থেকে ১৯৬৫-৬৬ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ক্যান্টারবারি ও ওয়েলিংটনের প্রতিনিধিত্ব করেছেন। মাত্র পাঁচ বছরব্যাপী তাঁর প্রথম-শ্রেণীর ক্রিকেট জীবনের স্থায়ীত্ব ছিল।
ক্যান্টারবারির পক্ষে খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটিয়েছেন। তবে, এ দলটিতে তেমন সফলতার স্বাক্ষর রাখতে পারেননি। এরপর, নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-২৩ দলের সদস্যরূপে অকল্যান্ডের বিপক্ষে ১৬৫ রানের ঝলমলে ইনিংস উপহার দেন। পরবর্তীতে, ঘরোয়া ক্রিকেটে এটিই তাঁর একমাত্র শতরানের ইনিংস হিসেবে রয়ে যায়।
১৯৬৫ সালে নিউজিল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৬৪-৬৫ মৌসুমে হানিফ মোহাম্মদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁকে দলের সদস্যরূপে মনোনীত করা হলে কিছু প্রশ্নের সৃষ্টি করে। ১২ ফেব্রুয়ারি, ১৯৬৫ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ খেলায় তিনি ৩ ও ২৬ রান তুলেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় শেষ হয়। তবে, ভারত ও পাকিস্তান সফরে দল থেকে তাঁকে বাদ দেয়া হয়।
এরপর, ওয়েলিংটন দলে চলে যান। এক মৌসুম খেলেন। কিন্তু, দূর্বল ক্রীড়াশৈলী প্রদর্শনের কারণে ক্রিকেট জগৎকে বিদেয় জানান।
