১৮ জানুয়ারি, ১৯১৬ তারিখে ইয়র্কশায়ারের হাডার্সফিল্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারির কার্যকর ব্যাটিং করতেন। ১৯৪০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
পরিবারের এগারো ভাই-বোনের অন্যতম। ব্রাডফোর্ড লীগে ব্রাইহাউজ ও সলটেয়ারের সাথে পেশাদারী পর্যায়ে খেলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা পুণরায় শুরু হলে ২৯ বছর বয়সে ইয়র্কশায়ার দলে যোগ দেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ার দলের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৪৫ থেকে ১৯৫০ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। শুরুটা তাঁর তেমন ভালো না হলেও অগণিত বন্ধুদের মন জয় করেন।
১৯৪৮ সালে ইংল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ঐ বছর ডন ব্র্যাডম্যানের নেতৃত্বাধীন ‘অপরাজেয় দলের’ মুখোমুখি হন। বিখ্যাত তারকা বোলার অ্যালেক বেডসারের যোগ্য সঙ্গীরূপে সিমারদের অন্যতম হিসেবে তাঁকে দলে নেয়া হয়েছিল। ২৪ জুন, ১৯৪৮ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। দ্বিতীয় ওভারেই সিড বার্নসকে বিদেয় করেন। এরপর, ব্র্যাডম্যানের বিপক্ষে জোড়ালো আবেদন করলেও আম্পায়ার প্রত্যাখ্যান করেন। শতকধারী আর্থার মরিসের উইকেট পেয়েছেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ২/৯০ ও ১/৮২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ১৯ ও ০ রান সংগ্রহ করেছিলেন। সফরকারীরা ৪০৯ রানের বিশাল জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
পুরো খেলোয়াড়ী জীবনে ডেনিস কম্পটনসহ অনেকের সাথেই তাঁর মতবিরোধ ঘটে। ১৯৫০ সালের পর প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। এরপর, ডারহামের সাথে মাইনর কাউন্টিজ প্রতিযোগিতায় অংশ নেন। উচ্চ আসরে নিচেরসারির ব্যাটসম্যান হিসেবে খেললেও ডারহামের পক্ষে প্রকৃত অল-রাউন্ডার হিসেবে খেলেছেন। ১০৪৭ রান ও ১২৭ উইকেট দখল করেন। ইয়র্কশায়ার দ্বিতীয় একাদশের বিপক্ষে ১০২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন। স্লিপ ফিল্ডার হিসেবেও দারুণ খেলেছেন। ওল্ড ট্রাফোর্ডে মাইনর কাউন্টিজের বৃষ্টিবিঘ্নিত খেলায় ডারহামের সদস্যরূপে ল্যাঙ্কাশায়ার দ্বিতীয় একাদশের বিপক্ষে খেলার পর আর খেলেননি।
ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলায় দক্ষ ছিলেন। ব্রাডফোর্ড পার্ক অ্যাভিনিউ এএফসি’র পক্ষে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। পরবর্তীকালে, হুইটবার্ন ক্রিকেট ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন।
২২ জানুয়ারি, ২০০৬ তারিখে সান্ডারল্যান্ডের রোকার এলাকায় ৯০ বছর ৪ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। মৃত্যুকালীন ইয়র্কশায়ারের প্রবীণতম ক্যাপধারী খেলোয়াড় ছিলেন। বর্ণাঢ্যময় খেলোয়াড়ী জীবন শেষ করার প্রায় চার দশক পর ৯০তম জন্মদিন উদযাপনের চারদিন পর শান্তিপূর্ণভাবে ইহলোক ত্যাগ করেন।
