৫ জুলাই, ১৯৭৫ তারিখে ট্রান্সভালের জোহানেসবার্গে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে কার্যকর ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। ২০০০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
দীর্ঘাকায় ও দর্শনীয় গড়নের অধিকারী। ক্রিজে তাঁর সরব উপস্থিতি দক্ষিণ আফ্রিকান অধিনায়ক হান্সি ক্রোনিয়ে’র সাথে তুলনায় নিয়ে আসতো। ১৯৯৫-৯৬ মৌসুম থেকে ২০১৩-১৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে গটেং, লায়ন্স, টাইটান্স ও ওয়ারিয়র্স এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে সমারসেট, সারে ও ওরচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, আবাহনী লিমিটেড, মেরিলেবোন ক্রিকেট ক্লাব ও সারে ক্রিকেট বোর্ডের পক্ষে খেলেছেন।
১৯৯৫-৯৬ মৌসুমে ট্রান্সভাল ক্রিকেট দলের সাথে খেলোয়াড়ী জীবনের যাত্রা শুরু করেন। তবে, ২০০২ সালে ইস্টার্নসের পক্ষে যোগদানের পরই কেবল তাঁর মাঝে সম্ভাবনার ক্ষেত্র সৃষ্টি হয়। কোচ রে জেনিংসের সুনজরে পড়েন। ২০০৩-০৪ মৌসুমে ব্যারি রিচার্ডসের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সহস্র রানের মাইলফলক স্পর্শ করেন।
২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ২০০৪-০৫ মৌসুমে গ্রায়েম স্মিথের নেতৃত্বাধীন স্প্রিংবকের সাথে ভারত সফরে যান। সিরিজের সবগুলো টেস্ট খেলেন। ২০ নভেম্বর, ২০২৪ তারিখে কানপুরে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। থামি সোলকিলের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৮৩ রান সংগ্রহ করেন নিজের প্রতিশ্রুতিশীলতার স্বাক্ষর রাখেন। এরফলে, নিজ দেশে ইংল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ পান। তবে, আঘাত থেকে সেড়ে উঠা জ্যাক ক্যালিসের অন্তর্ভুক্তিতে দল থেকে বাদ পড়েন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/২৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। অ্যান্ড্রু হলের অসাধারণ অল-রাউন্ড কৃতিত্বে খেলাটি ড্রয়ের দিকে গড়ালে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
এরপর, একই মৌসুমে নিজ দেশে প্রথমবারের মতো টেস্ট খেলেন। ঐ মৌসুমে মাইকেল ভনের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ১৭ ডিসেম্বর, ২০০৪ তারিখে জিকিবার্হায় অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৬ ও ১৯ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। এছাড়াও, ০/৩১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। অ্যান্ড্রু স্ট্রসের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে স্বাগতিকরা ৭ উইকেটে পরাভূত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। টেস্টগুলো থেকে তিনটিমাত্র উইকেটের সন্ধান পেয়েছিলেন।
কোলপ্যাক খেলোয়াড় হিসেবে কাউন্টি ক্রিকেটে অংশ নেন। ২০০৫ সালে ওরচেস্টারশায়ারের সাথে খেলার জন্যে চুক্তিবদ্ধ হন। তেমন সফলতার ছাঁপ ফেলতে পারেননি। অতঃপর, ২০০৮ সালে সমারসেটে চলে যান। ফ্রেন্ডস প্রভিডেন্ট টি২০ কাপে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। দলের অন্যতম মূল্যবান খেলোয়াড়ে পরিণত করেন। এরপর, ২০১০ সালে সারেতে যোগ দেন। ৮ এপ্রিল, ২০১৪ তারিখে সকল পর্যায়ের ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেন। সবগুলো প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ২৯ শতক সহযোগে চৌদ্দ হাজারের অধিক রান সংগ্রহসহ ২৮৫ উইকেট দখল করেছিলেন।
