২৮ মে, ১৮৫১ তারিখে ল্যাঙ্কাশায়ারের ব্যারো ব্রিজ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, বামহাতে মিডিয়াম বোলিংয়ে সবিশেষ পারদর্শী ছিলেন। ১৮৮০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

১৮৭১ থেকে ১৮৯১ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ার দলের প্রতিনিধিত্ব করেছেন। তারকা অল-রাউন্ডার হিসেবে সম্মুখসারির ব্যাটসম্যান ও বোলার হিসেবে সবিশেষ খ্যাতি অর্জন করেন। প্রায়শঃই প্রবালপ্রাচীর গড়ে তুলে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। তাঁর উদ্বোধনী সঙ্গী মাঙ্কি হর্নবি’র চেয়ে বিপরীতমুখী অবস্থানে থেকে দলে ভূমিকা রাখতেন। মাঙ্কি হর্নবি আক্রমণাত্মক ধাঁচে ব্যাটিং করলেও তিনি বলকে কেবলই আটকিয়ে দিতেন।

১৮৮২ সালে নটিংহ্যামশায়ারের বিপক্ষে এগারোবার শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত অবস্থায় মাঠ ত্যাগ করেন। তন্মধ্যে, একটি ইনিংসে অপরাজিত ৫ রান তুলেছিলেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে এগারো হাজারের অধিক রান ও ৯৫০ উইকেট দখল করেছিলেন। ১৮৮৪ সালে প্লেয়ার্সের সদস্যরূপে জেন্টলম্যানের বিপক্ষে হ্যাট্রিক লাভ করেছিলেন। এ পর্যায়ে ডব্লিউজি গ্রেস, টম শাটার ও ডব্লিউডব্লিউ রিড তাঁর শিকারে পরিণত হয়েছিলেন।

১৮৮৪ সালে অল-রাউন্ডার হিসেবে নিজের সেরা কীর্তির সাথে জড়ান। ইংল্যান্ড নর্থের সদস্যরূপে সফররত অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে ৪/৬ লাভসহ ১০১ রান তুলেন ও পরবর্তীতে ৬/৪২ নিয়ে দলকে ১৭০ রানের জয় এনে দেন। চারটি প্রথম-শ্রেণীর শতকের মধ্যে দুইটিই অস্ট্রেলীয়দের বিপক্ষে করেছিলেন। ১৮৮৬ সালে প্লেয়ার্সের সদস্যরূপে অস্ট্রেলীয়দের বিপক্ষে অপর শতকটি হাঁকান।

১৮৮১ থেকে ১৮৮৭ সময়কালে ইংল্যান্ডের পক্ষে সর্বমোট ১৭ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৮৮১-৮২ মৌসুমে আলফ্রেড শ’য়ের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া সফরে যান। এ সফরে দুইটি অর্ধ-শতরান করেছিলেন। এছাড়াও, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। ৩১ ডিসেম্বর, ১৮৮১ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। আর্থার শ্রিউসবারি, টেড পিট, ডিক পিলিং, বিলি বেটসউইলিয়াম স্কটনের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ০ ও ৩৩ রান সংগ্রহ করে উভয় ইনিংসে জোই পালমারের বলে বিদেয় নেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় অগ্রসর হতে থাকে।

১৮৮৪ সালে নিজ দেশে বিলি মারডকের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২১ জুলাই, ১৮৮৪ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি ০/৪৪ ও ১/৩১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৩৮ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ঐ খেলায় ইংল্যান্ড দল ইনিংস ও ৫ রানের ব্যবধানে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

তবে, সবকিছু ছাঁপিয়ে বল হাতে অধিকতর সফলতার স্বাক্ষর রাখেন। ওভাল টেস্টের প্রথম ইনিংসে ৫/১৯ লাভ করলেও অ্যাশেজের উৎপত্তিতে নিজেকে জড়ান। এছাড়াও, চার বছর পর ওল্ড ট্রাফোর্ডে ৭/৪৪ পেয়েছিলেন।

১৮৮৬ সালে নিজ দেশে টাপ স্কটের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ৫ জুলাই, ১৮৮৬ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাটিংয়ে নেমে ৩৮* ও ৩০ রান সংগ্রহসহ তিনটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, ১/১৯ ও ৭/৪৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ৪ উইকেটে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

একই সফরের ১২ আগস্ট, ১৮৮৬ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ইনিংস ও ২১৭ রানে জয় পেলে ৩-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।

১৮৮৬-৮৭ মৌসুমে আর্থার শ্রিউসবারি’র নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ২৫ ফেব্রুয়ারি, ১৮৮৭ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৩৪ ও ৪২* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ৭১ রানে জয় পেলে ২-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

স্প্রিন্টার হিসেবে শিরোপা লাভ করেন ও ফুটবল গোলরক্ষক হিসেবে খেলেছেন। ষাটের বয়সে এসেও তিনি ক্লাব ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর আম্পায়ারিং জগতে প্রবেশ করেন। ১৮৯৯ সালে একটি টেস্ট ও আটটি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা পরিচালনা করেছেন। ‘ফিফটি ইয়ার্স অব ক্রিকেট’ শিরোনামীয় গ্রন্থ প্রকাশ করেন। ৩১ জুলাই, ১৯১৯ তারিখে ল্যাঙ্কাশায়ারের স্ট্যানলি পার্ক এলাকায় নিজ গৃহে কয়েক মাস অসুস্থ থাকার পর ৬৮ বছর ৬৪ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

সম্পৃক্ত পোস্ট