২ মে, ১৯২৯ তারিখে অকল্যান্ডের ওটাহুহু এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৬০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
বেশ দেরীতে খেলার জগতে তাঁর আত্মপ্রকাশ ঘটে। ১৯৬৩-৬৪ মৌসুমে সেরা সময় অতিবাহিত করলেও তখন তাঁর বয়স ছিল প্রায় ৩৫ বছর। এ মৌসুমে নিজস্ব প্রথম শতক হাঁকান। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও আরেকটি তিন অঙ্কের কোটা স্পর্শ করেছিলেন। ১৯৫৬-৫৭ মৌসুম থেকে ১৯৬৪-৬৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। দলটির পক্ষে ইনিংস উদ্বোধনে নামতেন। ১৯৬৩ সালে তৎকালীন ব্যক্তিগত সেরা ৮৮ রান তুলেন। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে নিজস্ব প্রথম তিন অঙ্কের সন্ধান পান। এছাড়াও, একই খেলার দ্বিতীয় ইনিংসে আবারও সফল হন। সুন্দর ক্রীড়াশৈলীর স্বাক্ষর রাখার স্বীকৃতিস্বরূপ জাতীয় দলে খেলার জন্যে আমন্ত্রণ বার্তা লাভ করেন।
১৯৬৪ থেকে ১৯৬৫ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে চারটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৬৩-৬৪ মৌসুমে নিজ দেশে ট্রেভর গডার্ডের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজের প্রত্যেকটিতে অংশ নেন। ২১ ফেব্রুয়ারি, ১৯৬৪ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। জন ওয়ার্ডের সাথে তাঁর একযোগে সিরিজের উদ্বোধনী টেস্টে অভিষেক পর্ব সম্পন্ন হয়। ১০ ও ৫২ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ১৩ মার্চ, ১৯৬৪ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সাথে নিজেকে যুক্ত করেন। দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে পৌঁছানোকালে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ রান অতিক্রম করেন। খেলায় তিনি ১৮ ও ৫৫ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় শেষ হয়। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার নিষেধাজ্ঞার কবলের পূর্বে এটিই নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সর্বশেষ খেলা ছিল। দুইটি অর্ধ-শতক সহযোগে ২৭.৬৬ গড়ে ১৬৬ রান তুলতে সক্ষম হন।
১৯৬৪-৬৫ মৌসুমে নিজ দেশে হানিফ মোহাম্মদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। ২২ জানুয়ারি, ১৯৬৫ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত সফররত পাকিস্তান দলের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১ ও ২৬ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। তবে, এ টেস্টের পর দল থেকে বাদ পড়েন। এরপর, ১৯৬৫ সালে ভারত, পাকিস্তান ও ইংল্যান্ড গমনার্থে দল নির্বাচকমণ্ডলীর উপেক্ষার শিকার হলে খেলা থেকে দূরে সড়ে থাকার সিদ্ধান্ত নেন।
১০ আগস্ট, ২০১৪ তারিখে অকল্যান্ডভিত্তিক এমউড হাসপাতালে ৮৫ বছর ১০০ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
