১০ আগস্ট, ১৯৯২ হারারেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। জিম্বাবুয়ের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
২০১৩-১৪ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে মাউন্টেনিয়ার্সের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, সাউদার্ন রক্সের পক্ষে খেলেছেন। ২৪ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে মাসভিঙ্গোয় অনুষ্ঠিত রক্স বনাম ঈগলসের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
২০২১ সাল থেকে জিম্বাবুয়ের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ১৭ সেপ্টেম্বর, ২০২১ তারিখে এডিনবরায় স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে টি২০আইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন।
২০২২ সালে নিজ দেশে বাংলাদেশের মুখোমুখি হন। ৫ আগস্ট, ২০২২ তারিখে হারারেতে সিরিজের প্রথম ও নিজস্ব চতুর্থ ওডিআইয়ে ১১০ রানের মনোরম শতক হাঁকান। ৩০৪ রানের জয়ের লক্ষ্যমাত্রায় নামে তাঁর দল। দলের সংগ্রহ ৬/২ থাকা অবস্থায় মাঠে নামেন। চতুর্থ উইকেটে সিকান্দার রাজা’র (১৩৫*) সাথে ১৯২ রানের জুটি দাঁড় করান ও দলের বিজয়ে বিরাট ভূমিকা রাখেন। ঐ খেলায় তাঁর দল পাঁচ উইকেটে জয় পায় ও বাংলাদেশের বিপক্ষে একাধারে ১৯ পরাজয়ের পর প্রথম জয়ের সন্ধান পায়। তিনি ১২২ বল থেকে ২টি ছক্কা ও ১১টি চারে ১১০ রান তুলে মোসাদ্দেক হোসেনের বলে শরিফুল ইসলামের কটে বিদেয় নেন। এটিই ওডিআইয়ে তাঁর প্রথম শতক ছিল।
২০২২-২৩ মৌসুমে নিজ দেশে ক্রেগ ব্রাদওয়েটের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিয়ান দলের মুখোমুখি হন। ৪ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্রাড ইভান্স, তানুনুরা মাকোনি ও তাফাদজা সিগা’র সাথে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। প্রথম ইনিংসে বেশ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ১৩২ বল থেকে নয়টি চারের মারে ৬৭ রান তুলে আলজারি যোসেফের বলে এলবিডব্লিউতে বিদেয় নেন। এরপর দ্বিতীয় ইনিংসে ২৪ রান তুলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ায়।
এরপর, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ঐ টেস্টে গুদাকেশ মোতি’র অসামান্য বোলিংশৈলীর কল্যাণে সফরকারীরা ইনিংস ও ৪ রানের ব্যবধানে জয় পায়। এছাড়াও, দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে সিরিজ জয় করে। ব্যাট হাতে নিয়ে ৩৮ ও ৪৩ রান তুলেন। ১/৫৮ বোলিং বিশ্লেষণের পাশাপাশি একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন।
