১৩ ফেব্রুয়ারি, ১৮৫৮ তারিখে নিউ সাউথ ওয়েলসের উইন্ডসর এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। বামহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
অসম্ভব ধৈর্য্যশক্তি ধারণপূর্বক রক্ষণাত্মক ভঙ্গীমায় ব্যাট হাতে মাঠে নামতেন। ১৮৮১-৮২ মৌসুম থেকে ১৮৯৪-৯৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন। ১৮৮৭-৮৮ মৌসুমে নিউ সাউথ ওয়েলসের সদস্যরূপে ভিক্টোরিয়ার বিপক্ষে ২৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। একই মৌসুমে সফররত ইংরেজ একাদশের বিপক্ষে ৫৮ ও ১০৯ রান তুলেন।
১৮৮৭ থেকে ১৮৯৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার পক্ষে ছয়টিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৮৮৬-৮৭ মৌসুমে নিজ দেশে আর্থার শ্রিউসবারি’র নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ২৮ জানুয়ারি, ১৮৮৭ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। চার্লি টার্নার ও জে.জে. ফেরিসের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ৩১ ও ২৪ রান সংগ্রহ করেছিলেন। সফরকারী দল ১৩ রানে জয় পেয়ে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
১৮৯৪-৯৫ মৌসুমে নিজ দেশে অ্যান্ড্রু স্টডার্টের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১ ফেব্রুয়ারি, ১৮৯৫ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ১ রান তুলতে সক্ষম হয়েছিলেন। স্বাগতিকরা ইনিংস ও ১৪৭ রান জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে সমতায় আসতে সমর্থ হয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।
আরও অধিকসংখ্যক টেস্টে হয়তোবা অংশ নিতে পারতেন। তবে, ব্যবসায়িক ব্যস্ততার কারণে কোনবারই ইংল্যান্ড সফর করতে পারেননি। কিছুসংখ্যক ক্রিকেট বিশ্লেষকদের অভিমত, বিলি মারডকের ন্যায় তাঁর সমান যোগ্যতা ছিল। কিন্তু, ঘরোয়া ক্রিকেটের সাফল্য অস্ট্রেলিয়ার পক্ষে পুণরাবৃত্তি ঘটাতে পারেননি।
ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর প্রশাসনের দিকে ঝুঁকে পড়েন। অনেকগুলো বছর এসসিজি’র ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করেন। ৭ ডিসেম্বর, ১৯৩৮ তারিখে নিউ সাউথ ওয়েলসের স্ট্রাদফিল্ড এলাকায় ৮০ বছর ২৯৭ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
