|

উইলিয়াম সমারভিল

৯ আগস্ট, ১৯৮৪ তারিখে ওয়েলিংটনের ওয়াডসটাউন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে মূলতঃ ডানহাতি অফ-ব্রেক বোলার হিসেবে খেলেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করে থাকেন। দীর্ঘকায় গড়নের অধিকারী। ধ্রুপদী ভঙ্গীমায় অফ স্পিন বোলিং করেন ও নিখুঁত মানের বোলিংয়ের মাধ্যমে ব্যাটসম্যানদের সমীহের পাত্রে পরিণত হয়েছেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

ঘরোয়া আসরের নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ড ও ওতাগো এবং অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস ও সিডনি সিক্সার্সের প্রতিনিধিত্ব করেছেন। বিবিএলের ষষ্ঠ আসরে সিডনি সিক্সার্সের পক্ষে আন্তর্জাতিক পরিবর্তনের নীতিমালায় নাথান লায়নের পরিবর্তে খেলেন। এরপর সপ্তম আসরের জন্যে চুক্তিবদ্ধ হন। তন্মধ্যে, ষষ্ঠ আসরে তিন খেলায় অংশ নিয়ে তিন উইকেট পেয়েছিলেন।

২০১৮ সাল থেকে নিউজিল্যান্ডের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন। ২০১৮-১৯ মৌসুমে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে সংযুক্ত আরব আমিরাত গমন করেন। ৩ ডিসেম্বর, ২০১৮ তারিখে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ১২ ও ৪ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ৪/৭৫ ও ৩/৫২ লাভ করেন। তবে, দলনায়কের অসামান্য ব্যাটিংশৈলীর কল্যাণে ১২৩ রানের ব্যবধানে কিউইরা বিজয়ী হয় ও ২-১ ব্যবধানে রাবার জয় করে নেয়।

২০১৯-২০ মৌসুমে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে টম ল্যাথামের নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া সফরে যান। ৩ জানুয়ারি, ২০২০ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ০ ও ৭ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৯৯ ও ০/৩৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। মারনাস লাবুশেনের অসাধারণ ব্যাটিং সাফল্যের কল্যাণে সফরকারীরা ২৭৯ রানে পরাজিত হলে ৩-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।

২০২১-২২ মৌসুমে টম ল্যাথামের নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে ভারত সফরে যান। ৩ ডিসেম্বর, ২০২১ তারিখে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ০/৮০ ও ০/৫৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ০ ও ১ রান সংগ্রহ করেছিলেন। তবে, মৈয়াঙ্ক আগরওয়ালের অসামান্য ব্যাটিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ৩৭২ রানের ব্যবধানে জয় পায় ও ১-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

সম্পৃক্ত পোস্ট