১০ অক্টোবর, ১৯৪৫ তারিখে বার্বাডোসের ডিন্স ভিলেজ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
‘ভ্যান’ ডাকনামে পরিচিতি পান। পেসের তুলনায় নিখুঁততার দিকেই অধিক মনোনিবেশ ঘটিয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে বার্বাডোস, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে অরেঞ্জ ফ্রি স্টেট এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে ওরচেস্টারশায়ার দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, মাইনর কাউন্টিজের পক্ষে খেলেছেন। ১৯৬৬-৬৭ মৌসুম থেকে ১৯৮৫-৮৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ২১ বছর বয়সে ফেব্রুয়ারি, ১৯৬৭ সালে পোর্ট অব স্পেনে ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। অভিষেক পর্বটি বেশ সাদামাটা ছিল ও খেলায় একটিমাত্র উইকেটের সন্ধান পান।
১৯৬৯ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বমোট ৪০ টেস্ট ও ১২টি ওডিআইয়ে অংশ নিয়েছিলেন। ১৯৬৯ সালে গ্যারি সোবার্সের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ১২ জুন, ১৯৬৯ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্ট খেলেন। জন শেফার্ড ও মরিস ফস্টারের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। গ্যারি সোবার্সের সাথে বোলিং উদ্বোধনে নামেন। টম গ্রেভনিকে বোল্ড করে প্রথম উইকেট পান। তবে, খেলায় তেমন ভূমিকা রাখতে পারেননি। খেলায় তিনি ১/৯৩ ও ০/৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ১৯ ও ০ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ১০ উইকেটে জয়লাভ করলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে উভয় ইনিংসে এডরিচকে বিদেয় করাসহ ফিল শার্পের উইকেট পেয়েছিলেন। টেস্টটি নাটকীয়তার মাঝে ড্রয়ে পরিণত হয়েছিল।
হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্টে সফরকারীরা হয়তোবা জয় পেতে পারতো ও সিরিজে সমতা আনতে পারতো। ৪/৪৮ পেয়েছিলেন। প্রাণান্তঃকর চেষ্টা চালিয়ে ৫৫ বল থেকে তিনটি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান তুলেন। কিন্তু, প্রতিপক্ষীয় দল ৩০ রানে জয় তুলে নেয়।
১৯৭১-৭২ মৌসুমে নিজ দেশে বেভান কংডনের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ২৩ মার্চ, ১৯৭২ তারিখে ব্রিজটাউনে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৩ ও ১৬* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/৯১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ে পরিণত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ২০ এপ্রিল, ১৯৭২ তারিখে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত সিরিজের চূড়ান্ত ও পঞ্চম টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের ছাঁপ রাখেন। দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে পৌঁছানোকালে টেস্টে পূর্বতন সাফল্যকে ছাড়িয়ে যান। খেলায় তিনি ১২ ও ৪২ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা ছিল ৪/৪৮। খেলায় তিনি একটি ক্যাচ তালুবন্দীসহ ১/৩৭ ও ৪/৪১ লাভ করেন। অবশ্য, খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় শেষ হয়।
১৯৭৫-৭৬ মৌসুমে ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া সফরে যান। ৩১ জানুয়ারি, ১৯৭৬ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ষষ্ঠ ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ১৪* ও ২২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/৮৬ ও ১/৮১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ১৬৫ রানে জয় পেলে ৫-১ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।
বিখ্যাত ফাস্ট বোলারদের দুইটি প্রজন্মের মাঝে তাঁর খেলোয়াড়ী জীবন অতিবাহিত হয়। সচরাচর ওয়েস হল ও চার্লি গ্রিফিথের পরিবর্তে প্রথম পরিবর্তিত বোলার হিসেবে খেলেন। খেলোয়াড়ী জীবনের শেষদিকে অ্যান্ডি রবার্টস ও মাইকেল হোল্ডিংয়ের ন্যায় খেলোয়াড়দের সাথে অংশ নেন।
১৯৭৮-৭৯ মৌসুমে আলভিন কালীচরণের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে ভারত গমন করেন। ২ ফেব্রুয়ারি, ১৯৭৯ তারিখে কানপুরে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের ষষ্ঠ ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ০/১১৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, দলের একমাত্র ইনিংসে তাঁকে ব্যাট হাতে মাঠে নামতে হয়নি। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা ১-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর আম্পায়ারিং জগতের দিকে ধাবিত হন। ১৯৮৮ থেকে ২০১২ সময়কালে ইংল্যান্ডে প্রথম-শ্রেণীর আম্পায়ারের দায়িত্ব পালন করেন। এছাড়াও, ওডিআইয়ে থার্ড আম্পায়ার এবং টেস্ট ও ওডিআইয়ে চতুর্থ আম্পায়ারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।
