২০ মার্চ, ১৯৮২ তারিখে মিডল্যান্ডসের কেউইকেউই এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ইনিংস উদ্বোধনে মাঠে নামতেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ২০০০-এর দশকে জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। জিম্বাবুয়ে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
খাঁটিমানের ও মোটাসোটা গড়নের অধিকারী টেরি ডাফিন বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের দায়িত্ব পালন করেছেন। প্লামট্রি হাই স্কুলে অধ্যয়নকালীন বেশ সুনাম কুড়িয়েছিলেন। ২০০০-০১ মৌসুম থেকে ২০১২-১৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে মাতাবেলেল্যান্ড তুস্কার্স, জিম্বাবুয়ে ক্রিকেট একাডেমি ও ম্যাশোনাল্যান্ড ডিস্ট্রিক্টস দলের পক্ষে খেলেছেন। ১৯৯৮ ও ২০০০ সালে জিম্বাবুয়ের অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেললেও আঘাতের কারণে ১৯৯৯ সালে অনুপস্থিত ছিলেন। এরপর, ২০০১ সালে সিএফএক্স একাডেমিতে যুক্ত হন। এ পর্যায়ে অভিষেক মৌসুমেই প্রথম-শ্রেণীর ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন।
মিডল্যান্ডস দলে চলে যান ও সেখানে তিন মৌসুম খেলেন। আরও অধিক খেলায় অংশগ্রহণের কথা চিন্তায় এনে ২০০৪-০৫ মৌসুমে মাতাবেলেল্যান্ডের সদস্য হন। অবশেষে তাঁর স্বপ্ন স্বার্থক হয় ও চমৎকার মৌসুম অতিবাহিত করেন। ঐ মৌসুমে দলের সাথে বাংলাদেশ গমনার্থে সদস্যরূপে অন্তর্ভুক্ত হন। তবে, কোন আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণের সুযোগ পাননি। পরের বছর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্যে মনোনীত হলেও আঘাতের কারণে খেলতে পারেননি।
২০০৫ থেকে ২০০৭ সময়কালে জিম্বাবুয়ের পক্ষে দুইটিমাত্র টেস্ট ও ২৩টি ওডিআইয়ে অংশগ্রহণ করেছিলেন। উভয় টেস্টই ভারতের বিপক্ষে খেলেছিলেন। ২০০৫-০৬ মৌসুমে নিজ দেশে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত দলের মুখোমুখি হন। ১৩ সেপ্টেম্বর, ২০০৫ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চার্লস কভেন্ট্রি’র সাথে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। ইনিংস ও ৯০ রানে সফরকারীরা জয়লাভ করে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। ৫৬ ও ২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন।
এরপর, একই সফরের ২০ সেপ্টেম্বর, ২০০৫ তারিখে হারারেতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। সফরকারী ভারত দল ১০ উইকেটে জয় পায় ও ২-০ ব্যবধানে সিরিজ জয় করে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। ১২ ও ১০ রান সংগ্রহ করেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন।
একই মৌসুমে খেলোয়াড়দের সাথে আর্থিক মতবিরোধ চলাকালীন শেষদিকে অবস্থান নেন। বোর্ডের সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করেন ও জাতীয় দলের অধিনায়ক টাটেন্ডা তাইবু’র স্থলাভিষিক্ত হন। এ দায়িত্ব লাভের জন্যে কোচ কেভিন কারেন তাঁকে অগ্রাধিকার দেন। অন্যান্যদের সাথে তুলনান্তে পরিপক্ক খেলোয়াড়ের ন্যায় প্রয়োজনীয় নির্দেশনা যথাযথভাবে পালনে সচেষ্ট ছিলেন।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ব্যাটসম্যান হিসেবে তাঁর সীমাবদ্ধতার বিষয়টি চোখে পড়ে। এ যাত্রা রক্ষা পেলেও ওডিআইয়ে রান রেট অনুযায়ী কোন অবস্থানেই বড় ধরনের ইনিংস খেলতে ব্যর্থতার পরিচয় দেন। এমনকি বিস্ময়করভাবে জুলাই, ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর পূর্বে অধিনায়কত্ব থেকে তাঁকে প্রত্যাহার করে নেয়া হয়েছিল।
