২ মার্চ, ১৯৫৭ তারিখে ওয়াঙ্গানুই এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতি মিডিয়াম-পেস বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৮০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
১৯৭৯-৮০ মৌসুমে প্রথমবারের মতো খেলতে নামেন। এ মৌসুমে ২২.১৭ গড়ে ৪৫ উইকেট নিয়ে নিজস্ব স্বর্ণালী সময় অতিবাহিত করেন। তবে, চার বছর নর্দার্ন ডিস্ট্রিক্টসের পক্ষে খেলার পর অকল্যান্ডে চলে যান। মূলতঃ একদিনের খেলার উপযোগী ছিলেন ও সাধারণমানের সফলতার স্বাক্ষর রাখেন।
বেশ দেরীতে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্যে আমন্ত্রণ বার্তা পান। এ পর্যায়ে সাধারণমানের ক্রীড়াশৈলী প্রদর্শন করেছিলেন। ১৯৮৬ থেকে ১৯৮৮ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্ট ও ১৯টি ওডিআইয়ে অংশগ্রহণ করেছিলেন। ১৯৮৫-৮৬ মৌসুমে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বেনসন এন্ড হেজেস সিরিজ খেলার জন্যে বিস্ময়করভাবে আমন্ত্রিত হন। ২০.৩৮ গড়ে ১৩ উইকেট দখল করেছিলেন।
এরপর ঐ গ্রীষ্মের শেষদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলার জন্যে নিউজিল্যান্ড দলে তাঁকে ঠাঁই দেয়া হয়। অথচ, পূর্বেকার দুই মৌসুমে মাত্র দুইটি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছিলেন। ১৯৮৫-৮৬ মৌসুমে নিজ দেশে অ্যালান বর্ডারের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২১ ফেব্রুয়ারি, ১৯৮৬ তারিখে ওয়েলিংটনের ব্যাসিন রিজার্ভে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। তবে, তেমন কোন উল্লেখযোগ্য সফলতা পাননি। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ২৮ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৭৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ে পরিণত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
একদিনের আন্তর্জাতিকে স্বীয় স্থানে থেকে আরও দুইটি সিরিজ খেলেন। তবে, দল থেকে বাদ পড়ায় খুব শীঘ্রই অবসর গ্রহণের কথা ঘোষণা করেন।
